মারার জন্য দেশ বানাইনি, গড়ার জন্য দেশ বানিয়েছি

0
168

আসমা চৌধুরী, রংপুরঃ অন্তর্বতীঁকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “সাংবাদিকদের মাধ্যমেই আমরা আবু সাঈদের গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার খবর জানতে পেরেছি। সাংবাদিকদের মহান শক্তিটাকে প্রয়োগ করে কিভাবে জাতিকে একত্র করা যায়, এক পরিবার বানানো যায় সে চেষ্টা করতে হবে। কেউ কাউকে মারার জন্য নয়। আমরা মারার জন্য দেশ বানাইনি, গড়ার জন্য দেশ বানিয়েছি।“

Advertisement

১০ অগাস্ট শনিবার বিকেলে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে ইউনুস এসব কথা বলেন।সেখানে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। রংপুরের দারিদ্র্য, দুরবস্থা ক্রমাগতভাবে দেখে গেছি। রংপুরের একটি ছেলে (আবু সাঈদ) সারা বাংলাদেশকে পাল্টিয়ে দিয়েছে। শুধু বলেছে আর না, তুমি যতই অত্যাচার কর আমি আছি। সে বুক পেতে দিয়েছে অত্যাচারকে গ্রহণ করার জন্য। তার বুক ছিঁড়ে গুলি চলে গেছে। এই আত্মত্যাগ সারা বাংলাদেশকে জাগিয়ে দিয়েছে। একটা ঘটনা আর প্রতিবাদ। তার তো আর কিছু করার নেই নিজের শরীর ছাড়া, সেই শরীরটা দিয়েই সে প্রতিবাদ করেছে, আত্মাহুতি দিয়েছে।
তিনি বলেন, আমরা অত্যাচারীর ভূমিকায় সবাই। সেই ভূমিকা পরিবর্তন করতে হবে।

প্রধান উপদেষ্টা বলেন, মহাকাব্যের নায়ক-নায়িকাদের বলি, আবু সাঈদ মহাকাব্যের নায়ক। সে নিজেই রচনা করে দিয়ে গেছে। আবু সাঈদ একটা পুরো জাতিকে জাগিয়ে দিয়েছে। দুঃস্বপ্ন ও বর্বরতা থেকে জাগিয়ে দিয়েছে। আমরা একটা বর্বর জাতি হয়ে গেছি। সে এটা দেখিয়ে গেল আমরা কত বর্বর হতে পারি। আমরা স্বাধীন-মুক্ত জাতি বলতেছি। এসব ফাঁকা কথা। আমরা বর্বরতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছি। এই বর্বরতা থেকে মুক্তি পাওয়ার জন্য কী উপায়, সেটা জানার জন্য রংপুরে এসেছি আবু সাঈদের কাছাকাছি। তার কাছে আমরা মাফ চেয়েছি, তোমাকে বর্বরতা থেকে মুক্তি দিতে পারিনি। ভবিষ্যতে যেন এটা আর না হয়- এটাই আমাদের বিষয়। নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, আমরা একটা পরিবার। সবাই সবাইকে রক্ষা করব, সবাইকে সবার থেকে ওপরে উঠার চেষ্টা করব এবং যারা অপরাধী তাদের বিচার আমাদের করতেই হবে। তা না হলে এর থেকে মুক্তি পাবো না। কাজেই অপরাধীর আমরা বিচার করব। যে নিরাপরাধ তার ওপরে কোনো রকমের একটা অপবাদ লাগিয়ে দিয়ে অত্যাচার করে আমরা যেন আবার বর্বরতার দিকে না যাই। এটা খুব গুরুত্বপূর্ণ সময় পালন করছি। প্রতিটা মুহূর্তই গুরুত্বপূর্ণ। সবাই যেন আমরা একত্র হতে পারি। কেউ আমাদের বিদেশী আক্রমণকারী না। আমরা আমরাই, আমরা গলাগলি করে বাঁচতে চাই। সব মতের মানুষ যেন আমরা এক হই। সে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান যাই হোক আমরা একই পরিবার। এখন শুনছি বৌদ্ধ-খ্রিষ্টান-হিন্দু এটা নিয়েও আবার মারামারি চলছে- এটা যেন না হয়। কোনো ধর্মের উছিলা করে কারো ওপর কেউ যেন অত্যাচার করতে না পারে সে জন্য রুখে দাঁড়াতে হবে। যা হয়ে গেছে সেটা থেকে আমরা মুক্ত হতে চাই। আমাদের পরিষ্কার করে ফেলতে চাই। আমরা নতুন করে পুনর্জন্ম লাভ করতে চাই।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পরিবর্তন ও স্বাধীনতা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ওগুলো সব নষ্ট হয়েছে বলেই তো আজকে আমরা দুঃখের মধ্যে। কাজেই এসব পরিষ্কার না করলে আবার বর্ববতার মধ্যেই থাকতে হবে। কাজেই এটা পরিষ্কার করতে হবে। এটার কোনো বিকল্প নেই। পচা জায়গায় নতুন তরতাজা জাতি তৈরি করতে হবে। এটা আমরা পারি। শুধু আমাদের সবাইকে একত্র হতে হবে। বিষ থাকলেই বিপদ। নিজেদের মধ্যে একতাটাই এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা ঐক্যবদ্ধ থাকলে সবকিছুই সম্ভব।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here