গত ২০ জুলাই বৃহস্পতিবার রংপুর মহানগরে হরিজন সম্প্রদায়ের সংগঠন “সহায়” এর উদ্যোগে সমাবেশ ও জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান করা হয়। স্থানীয় কাচারী বাজারে সকাল ১১টায় মানবন্ধন সমাবেশ বক্তব্য রাখেন হরিজন সম্প্রদায়ের শ্রী রাজা বাসফোর, সাজু বাসফোর, সুরেশ বাসফোর, জীবন বাসফোর। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সিপিবি রংপুর জেলা সাধারণ সম্পাদক কমরেড শাহীন রহমান, বাসদ জেলা সমন্বয়ক কমরেড আব্দুল কুদ্দুস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বেরোবি শাখার সভাপতি জুগেস ত্রিপুরা প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, রংপুর শহরে হরিজন সম্প্রদায় দীর্ঘদিন ধরে নানা অন্যায় অবিচার বৈষম্য নিপীড়নের শিকার হচ্ছে। কর্মক্ষেত্র, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক জীবনেও নানা অপমান, অমর্যাদা, লাঞ্চনা ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয়। সাম্প্রতিকালে এ ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে। তাই মানুষ ও এদেশের নাগরিক হিসেবে এ দুঃসহ অবস্থা থেকে মুক্তি চাই। সমাবেশ শেষে মিছিল নিয়ে রংপুর জেলা প্রশাসক মোঃ ওয়াহেদুজ্জামানের নিকট স্মারকলিপি পেশ করা হয়। জেলা প্রশাসক মহোদয় দেশের সংবিধান ও আইন অনুযায়ী সকল নাগরিকের সমান অধিকার রয়েছে। ফলে সকল ধর্ম, বর্ণের মানুষ সকল হোটেল-রেস্তারায় বসে খাওয়ার অধিকার রাখে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে পদক্ষেপ নিবেন নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।
