নোমান মাহমুদঃ
সাভার পৌর এলাকায় বখাটের প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় একাদশ শ্রেনীর এক ছাত্রীর উপর হামলার ঘটনায় অভিযান চালিয়ে পাঁচ ঘন্টার মধ্যে বখাটে অপূর্বকে (২০) গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত বখাটে অপূর্ব সাভার পৌর বাড্ডা ভাটপাড়া এলাকার জনৈক আনোয়ার হোসেনের ছেলে। হামলার শিকার ওই কলেজছাত্রীর পরিবার সুত্রে জানা যায়, বখাটে অপুর্ব ঐ কলেজছাত্রীকে গত প্রায় ৩ বছর যাবৎ উত্তক্ত করে আসছিলো। এ ঘটনায় ঐ কলেজছাত্রীর পরিবারের পক্ষ থেকে একাধিকবার স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের মাধ্যমে ঐ বখাটে অপূর্ব ও তার পরিবারকে সাবধান করা হলেও কলেজছাত্রী ঐ বখাটের হাত থেকে রেহাই পায়নি। এ ঘটনায় এ কলেজছাত্রীর পরিবারের পক্ষ থেকে ইতিপূর্বে সাভার মডেল থানায় একাধিকবার সাধারন ডায়েরীও করা হয়। পরবর্তীতে ঐ বখাটে কোনভাবে ঐ কলেজছাত্রীকে তার প্রেমের প্রস্তাবে রাজী করাতে না পেরে গত ২৪/১১/২০১৬ ইং দুপুর ১২ টা নাগাদ কলেজ ছুটির পর বাসায় ফেরার পথে একটি নির্জন স্থানে ঐ ছাত্রীকে একা পেয়ে এলোপাথারি মারধর করে আহত অবস্থায় ফেলে রেখে ঐ ছাত্রীর ব্যাবহৃত মোবাইল নিয়ে পালিয়ে যায়। এলাকাবাসি গুরুতর আহত অবস্থায় কলেজছাত্রীকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করার পর ঐ ছাত্রীর বাবা বাদি হয়ে সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করলে, ঐ ছাত্রীর পরিবারকে দেওয়া প্রতিশ্রুতি মোতাবেক মাত্র পাঁচ ঘন্টার মধ্যে সাভার মডেল থানার উপ-পরিদর্শক মোঃ কবির হোসেনের নেতৃত্বে পুলিশ ঐ বখাটে অপুর্বকে গ্রেফতার করে। এরপর ভ্রাম্যমান আদালত ঐ বখাটে যুবক অপূর্বকে ১ বছরের কারাদন্ড প্রদান করেন।
