কবিতাঃ বক্র চলন
কবিঃ শ্রী নেপাল বিশ্বাস
প্রকাশকালঃ ১৩.০২.২০২৩ খ্রিঃ
শোল মাছ সোজা চলে
সাপ চলে বেঁকে,
তাই শোল একদিন
বলে তারে ডেকে,
সোজা ভাবে চলো তুমি
ভাবভঙ্গি রেখে ।
সাপ বলে “চলি ভালো
তোমাদের থেকে” ।
বিষধর প্রাণীদের
বুঝানো কঠিন,
সে তো ভাববেই “আমি
বুদ্ধিতে প্রবীণ
উহাদের থেকে আমি
কভু নই ক্ষীণ” ।
তাই তার বক্রগতি
বাড়ে দিনদিন ।
মানুষের মধ্যেও তো
ওরকম আছে,
বক্রগতি অনুসারে
তারা সদা নাচে ।
খলবৃত্তি ধরে ফেলে
যদি কেউ পাছে,
এই ভয়ে যাবেনা সে
মানুষের কাছে ।
অন্ধকার থেকে কভু
আসেনা সে সরে,
অন্ধকারে থেকে সবে
বিদ্ধ করে শরে ।
যম যন্ত্রণার কথা
কভু নাহি স্মরে,
“আমি বড়ো বুদ্ধিমান”
বলে উচ্চস্বরে ।
লাঠিপেটা করে যদি
সাপ কেউ মারে,
টানটান সোজা করে
রাখে পথ-ধারে ।
মারা গেলে খল লোক
যম দরবারে,
যমদূত দণ্ড-দানে
সোজা করে তারে ।

