জামাল উদ্দিন স্বপন, কুমিল্লা:
মনিরুল হক সাক্কু। কুসিকের সদ্য বিদায়ী মেয়র। রাজনীতির পাশাপাশি পেশায় একজন ব্যবসায়ী। তিনি এক কন্যা সন্তানের জনক। ২০০৬ সালের নির্বাচনে সাক্কু তৎকালীন কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এর পর ২০১২ সালে কুসিকের প্রথম নির্বাচনে মেয়র নির্বাচিত হন। ৫ বছর দায়িত্ব পালন শেষে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি তিনি প্রশাসকের নিকট দায়িত্ব হস্তান্তর করেন। তিনি বর্তমানে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নিবাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় মনোনয়ন প্রতিযোগিতায় এ বছর তার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী থাকলেও কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের সিদ্ধান্তে ধানের শীষের প্রতীক তাকেই দেয়া হয়। তিনি বলেন, দলীয় মনোনয়ন দেয়ার জন্য তিনি দলের চেয়ারপার্সন, মহাসচিব, কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সাক্কু বলেন, ২টি পৌরসভা একত্রিত করে নব গঠিত এ সিটির হাল আমাকে ধরতে হয়েছে। এ সিটির উন্নয়নে বিদেশি অনুদান, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পাওয়া অর্থ এবং সিটির নিজস্ব তহবিল থেকে গত ৫ বছরে সিটিতে প্রায় ৫শ’ কোটি টাকার নানা উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা হয়েছে, কিছু কাজ চলমান আছে। তাই সিটির উন্নয়নের গতি অব্যাহত রাখতে তাকে পূনরায় নির্বাচিত করতে নগরবাসীর সমর্থন ও দোয়া কামনা করেছেন। এদিকে আগামী ১ মার্চ রাতে নগরীর রেইসকোর্সের রেড রফ ইন রেস্তোরায় সাক্কু সাংবাদিক সম্মেলন করে তার নির্বাচনী ইস্তেহার ও নগরীর উন্নয়নে তার নানা পরিকল্পনার কথা ঘোষণা করবেন বলে মুঠোফোনে জানিয়েছেন।
উল্লেখ্য, বিগত ২০১১ সালের ১০ জুলাই ১৮৯০ সালে প্রতিষ্ঠিত কুমিল্লা পৌরসভা ও কুমিল্লা সদর দক্ষিণ পৌরসভা একিভূত করে ৫৩ দশমিক ০৪ বর্গ কিলোমিটার আয়তনে ২৭টি সাধারণ ওয়ার্ড ও ৯টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পর ২০১২ সালের ৫ জানুয়ারি কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু বিজয়ী হন।
