জামাল উদ্দিন স্বপন:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার তুগুরিয়া গ্রামের মামলাবাজ নারী নির্যাতনকারী সন্ত্রাসী আবদুর রহমান খোকনের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। গতকাল শুক্রবার লাকসাম সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ করা হয়। এতে বক্তব্য রাখেন, ইউপি মেম্বার এনায়েত উল্লাহ, আবদুর রহমান খোকনের পিতা সিদ্দিকুর রহমান, আনোয়ার হোসেন, জসিম উদ্দিন, জুলহাস প্রমুখ।
বক্তারা বলেন, ওই আবদুর রহমান খোকন এলাকায় চুরি ডাকাতি, মাদক ব্যবসা সহ অনেক অপকর্মের সাথে জড়িত। তার এসব অপকর্মের প্রতিবাদ করলেই সে এলাকার লোকদের মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে অতিষ্ঠ করে তুলেছে। এ ছাড়া সে এলাকার নিরীহ নারীদের বিয়ে করার নামে তাদের উপর নির্যাতন চালায়। এসব ঘটনায় বিভিন্ন মামলায় ওই আব্দুর রহমান খোকন বেশ কয়েক বার জেলও খেটেছেন। তার এসব অপকর্মে অতিষ্ঠ হয়ে গ্রামের ঐতিহ্য ও শান্তি রক্ষার্থে দলমত নির্বিশেষে এলাকাবাসী প্রশাসনের কাছে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়াসহ শাস্তির দাবী জানান। এ সময় সড়কের দুপাশে শত শত লোক মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেয়।
