কামরুল হাসান:একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে বিএনপি’র প্রার্থী ডা. দেওয়ান মো: সালাউদ্দিন বাবু মনোনয়নপত্র দাখিল করার পর দিন,পিতার কবর জিয়ারত করেন।সালাউদ্দিন বাবুর পিতা ছিলেন সাবেক সংসদ সদস্য দেওয়ান ইদ্রিস।
এ সময় সকলের উদ্দেশ্যে ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বলেন, ৩০টি রাজনৈতিক মামলার কারণে হাজতবাস এবং দীর্ঘদিন এলাকা থেকে দূরে থাকাতে হয়েছে। তাই দীর্ঘদিন অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি। তিনি আরও বলেন, আমি কোন গাড়ী পোড়াইনি। আমি বিএনপির রাজনীতি করি তাই আমাকে গাড়ী পোড়ার মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে। একাধিকবার আমাকে দীর্ঘ সময় জেলের অন্ধকার প্রকোষ্টে থাকতে হয়েছে।
ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু আরও বলেন, আপনারা আমাকে ভালবাসেন বলে এবং বিএনপির রাজনীতিতে বিশ্বাসী হওয়ার কারণে আপনাদেরও দুঃখ কষ্ট ও নির্যাতন সইতে হয়েছে। তিনি বলেন, দেশে এখন ব্যাপক হারে চাঁদাবাজী হচ্ছে। রিক্সা অটোরিক্সা চালকদের নিকট হতে দৈনিক সাপ্তাহিক মাসিক ভিত্তিতে চাঁদা তোলা হচ্ছে। যা দু:শাসনে একটি উদাহরণ।
আমি যখন সংসদ সদস্য ছিলাম তখন মানুষের এধরনের কোন প্রকার হয়রানি হয়নি। তাদেরকে চাঁদা দিতে হয়নি। এখন প্রায় প্রতিটি পাড়া মহল্লায়, বাসস্ট্যান্ডে গ্রামের পথে অটোরিক্সা টেম্পু চালক, লেগুনা চালকদের চাঁদা দিতে হচ্ছে। যা খুবই দুঃখজনক। আমি নির্বাচিত হলে সকল প্রকার চাঁদাবাজী হয়রানি বন্ধ করা হবে। তিনি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে বলেন, সবাই যার যার অবস্থান থেকে কাজ করবেন। দেশবাসীকে দু:শাসনের হাত থেকে মুক্ত করতে হবে। সেই মুক্তির জন্য ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচনী এলাকায় এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী হয়নি। দলীয় নেতাকর্মীরা গ্রেফতার আতংকে রয়েছেন। প্রশাসনের নিকট তিনি নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার আহবান জানান। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন সুষ্ঠু হলে তিনি অবশ্যই বিজয় লাভ করবেন।
Advertisement

