নারায়ণগঞ্জের ফতুল্লা থানা আওয়ামীলীগের সেক্রেটারী ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীর ছেলেকে মাদক বিক্রির অপরাধে গ্রেফতার করেছে র্যাব-১১। এসময় তাদের কাছ থেকে ১৯ বোতল ভারতীয় তৈরি ফেন্সিডিল ও মাদক বিক্রির নগদ ১৬০ টাকা উদ্ধার করা হয়।
বিকালে র্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্পের স্কোয়াড কমান্ডার ও সহকারী পরিচালক মো. বাবুল আখতার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার ডিআইটি মাঠ এলাকায় মাদক উদ্ধারে অভিযান চালিয়ে তাদের দুইজনকে ১৯ বোতল ভারতীয় তৈরি ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়। যার মূল্য ৩৮ হাজার টাকা। গ্রেফতারকৃতদের মধ্যে মো. সাব্বির আহমেদ হৃদয় (২৬) ফতুল্লা থানা আওয়ামীলীগের সেক্রেটারী ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীর ছেলে। আর লালপুর মিঠুর বাড়ীর ভাড়াটিয়া মো. আবুল হাশেমের ছেলে মো. হাবিব (৩০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে তারা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

