কবিতাঃ কোনও দিন কি ভেবেছিলে!
লেখকঃ স্বপন দাস
প্রকাশকালঃ ১৫.০২.২০২৩ খ্রিঃ
কোনও দিন কি ভেবেছিলে!
কোনও দিন কি তুমি ভেবেছিলে!
হবো বসন্ত বন্দরের যাত্রী,
মঙ্গলদীপ হাতে তুমি স্নিগ্ধ সকালে
আসবে পেরিয়ে অন্ধকার রাত্রি!
আধো তন্দ্রা তবুও সন্দেহ জাগায়
বলে- স্বপ্ন এমনই হয়,
কিন্তু জেনো স্বপ্ন তখনই মন রাঙায়
যখন স্নায়ু অবচেতন রয়।
তুমিতো চিরন্তনী চেতনায় জেগে উঠেছো
তোমার বাড়ন্ত তনু-মন নিয়ে,
মনোহারী সপ্তক লহরী তুলেছো
রঙিন কাঁচের চুড়ি বাজিয়ে।
ফাগুনের রোদেলা রশ্মি উথলি পড়েছে
যেনো হৃদয়ের বর্ণিল আরশিতে,
ভাবনার তরী বাঁক নিতে বসেছে
অজানা অনুভূতির মায়াবী হাতছানিতে।
তুমি কুসুম কোমল প্রচ্ছন্ন প্রত্যূষে
শান্ত চরণে উঠে এসেছো,
অচিন্ত্য নগর ট্রেনের নির্জন কামরায়
অলিন্দের নিভৃত আসনে বসেছো।
নিষ্প্রাণ আবেগে ঘেরা কৃত্রিমতার পাঁচিলে
তুমি আমি আছি পাষাণ পৃথিবীতে,
কোনও দিন কি তুমি ভেবেছিলে!
পরিতৃপ্ত হবো মোরা বাসন্তী সুরভিতে!

