যৌন হয়রানির অভিযোগে চট্টগ্রাম মহানগরীর পশ্চিম চরপাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হাসেমের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সোমবার রাতে নগরীর কর্ণফুলী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে এই মামলা দায়ের করেন বিদ্যালয়ের তিন ছাত্রীর অভিভাবক।
অভিভাবকরা জানান, পশ্চিম চরপাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হাসেম স্কুলে বিকালে ও সন্ধ্যায় পঞ্চম শ্রেণির ছাত্রীদের প্রাইভেট পড়ান। এ সময় বিদ্যালয়ের তিন ছাত্রীর শরীরে হাত দিয়ে তিনি যৌন হয়রানি করেন। সম্প্রতি ছাত্রীরা তাদের স্বজনদের বিষয়টি জানায়। গতকাল সকালে অভিভাবকরা এ ব্যাপারে কথা বলার জন্য বিদ্যালয়ে গেলেও প্রধান শিক্ষককে পাওয়া যায়নি। ফলে থানায় মামলা করা হয় বলে জানান অভিভাবকরা। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুল মোস্তফা এ প্রসঙ্গে বলেন, অভিযোগের প্রেক্ষিতে প্রধান শিক্ষক আবু হাসেমকে ধরতে গেলেও বাড়িতে পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা বলেছে, স্কুলের কাজে তিনি ঢাকা গেছেন।

