আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে এক বিস্ফোরণে ছয় শিশু নিহত হয়েছে। তাদের বয়স ছয় থেকে ১২ বছর। আজ বৃহস্পতিবার স্থানীয় এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। জেলা প্রশাসনিক প্রধান কারিম বে বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, বুধবার সন্ধ্যায় দৌলত আবাদ জেলার একটি
স্কুলের কাছে একদল শিশু খেলা করছিল। এ সময় এক শিশু পরিত্যক্ত একটি কামানের গোলার ওপর আছাড় খায়। এতে গোলাটি বিস্ফোরিত হয়ে নিষ্পাপ শিশুগুলো মারা যায়। এখনো পর্যন্ত এ ঘটনার দায় কেউ স্বীকার করেনি। তবে কারিম দাবি করেছেন, তালেবান এ ঘটনা ঘটাতে পারে। আফগান নিরাপত্তারক্ষী ও কর্মকর্তাদের হত্যার জন্য তারা এমনটা করে থাকতে পারে। উল্লেখ্য, আফগানিস্তানে এই ঘটনা নতুন কিছু নয়। ল্যান্ডমাইন ও অ্যান্টি-পার্সোনাল মাইন বিস্ফোরণে প্রতি মাসে সেখানে অর্ধশতাধিক লোক নিহত বা বিকলাঙ্গ হয়।

