সাভারের আশুলিয়ায় স্বর্ণের দোকানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা স্বর্ণের দোকানের দুই জনকে কুপিয়ে জখম করে ৪০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ এক লাখ টাকা লুট করে নিয়ে গেছে। বৃহস্পতিবার রাতে আশুলিয়ার চারাবাগ বিরুলিয়া সড়কের কুমকুমারী এলাকার সততা জুয়েলার্সে এ ডাকাতির ঘটনা ঘটেছে।
ডাকাতদের হামলায় আহতরা হলো সততা জুয়েলার্স এর মালিক বিপ্লব সরকার (৪২) ও কর্মচারী বিদ্যুৎ রায় (৩৪)। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও ডাকাতির ঘটনায় কাউকে আটক কিংবা ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করতে পারেনি। আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য হোসেন আলী মাস্টার জানান, বৃহস্পতিবার রাতে একটি ট্যাক্সিক্যাবযোগে ৮-১০ জনের একটি ডাকাতদল কুমকুমারী এলাকার সততা জুয়েলার্সে হামলা চালায়। এ সময় ডাকাতরা দোকানের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জুয়েলারি দোকান থেকে ৪০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ এক লাখ টাকা লুট করে নিয়ে গেছে। ডাতাকদের বাধা দিতে গেলে জুয়েলার্স মালিক বিপ্লব সরকার (৪২) ও কর্মচারী বিদ্যুৎ রায়কে (৩৪) কুপিয়ে জখম করে পালিয়ে যায়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, ডাকাতির খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে। খুব শিগগিরই ডাকাতি হওয়া মালামাল উদ্ধারে অভিযান চালানো হবে।

