মাদারীপুর সদর উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে মাদারীপুর পৌর শহরের পাকদী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামের অানিস মাতুব্বরে ছেলে সিরাজুল মাতুব্বর (২৯) ও ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা গ্রামের শাহ আলম মাতুব্বরের ছেলে সুমন মাতুব্বর (২২)। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, শহরের পাকদী এলাকার হাবিবুর রহমান মোল্লার নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে প্রথমে নামেন সিরাজুল। তিনি ফিরে না আসায় আরেক শ্রমিক সুমন নামলে তিনিও অসুস্থ হয়ে পড়েন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

