দুই মাসের বেশি নিখোঁজ থেকে ফিরে এসেছেন সাংবাদিক উৎপল দাস। মঙ্গলবার রাত ১২টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিজের অবস্থানের খবর জানান তিনি। অনলাইন নিউজ পোর্টাল পূর্বপশ্চিমবিডি ডটনিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক উৎপল (২৯) গত ১০ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন।
উৎপলের বড় বোন ববিতা দাস বলেন, ‘উৎপলকে রাতে আমরা বাসায়
নিয়ে এসেছি। উৎপল সুস্থ আছে।’
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, ‘কে বা কারা মাইক্রোবাস থেকে আধুরিয়ায় একটি সিএনজি ফিলিং স্টেশনের সামনে রাতে নামিয়ে দিয়ে গেছে। পরে ফিলিং স্টেশনের লোকজন ভুলতা ফাঁড়িতে ফোন করলে পুলিশ গিয়ে তাকে নিয়ে আসে। রাতেই তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।’ উৎপলের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার থানাহাটি এলাকায়। ঢাকার ফকিরাপুলের ১ নম্বর গলিতে ভাড়া বাসায় থাকতেন তিনি।
গত ১০ অক্টোবর দুপুরে মতিঝিলে পূর্বপশ্চিম অফিস থেকে বের হওয়ার পর থেকে তার খোঁজ মিলছিল না। ওইদিন থেকে তার মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যাচ্ছিল। গত ৫ নভেম্বর টাঙ্গাইলের মির্জাপুরের একটি হাসপাতালে উৎপলকে পাওয়ার ভুয়া খবর চাউর হয়েছিল। সাম্প্রতিক সময়ে নিখোঁজদের মধ্যে উৎপল ও অনিরুদ্ধ রায়সহ পাঁচজন পরিবারের কাছে ফিরে এসেছেন।
উৎপলের সন্ধান দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছিল ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।
সাংবাদিক উৎপল ফেরায় ‘বুকের পাথর নেমে গেছে’ বলে প্রতিক্রিয়া জানিয়েছেন পূর্বপশ্চিমবিডি ডটনিউজের প্রধান সম্পাদক পীর হাবিবুর রহমান। উৎপলের বন্ধু গাজী টিভির অপরাধ বিষয়ক রিপোর্টার জামশেদ নাজিম রাতে এক প্রতিক্রিয়ায় জানান, অনেকদিন পর উৎপল আমার সঙ্গে কথা বলেছে। উৎপল বাড়ি ফিরছে।উৎপল আজ মায়ের দেখা পাবে।’

