শহরে কোনো অবৈধ বিলবোর্ড থাকতে পারবে না: আতিকুল

0
726

অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

Advertisement

বুধবার (২ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোলচত্বরে পুলিশ বক্সের কাছে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালিত হয়। অভিযানে ডিএনসিসির অঞ্চল-৭ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ নেতৃত্ব দেন। এ সময় পুলিশ বক্সের কাছে একটি বিশাল অবৈধ বিলবোর্ড এবং অন্যান্য স্থাপনা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযান চলাকালে মেয়র আতিকুল ইসলাম বলেন, যত ক্ষমতাধরই হোক না কেন আমি কাউকে ছাড় দেব না। অনেকেই আমাকে চ্যালেঞ্জ দিয়েছেন, বিলবোর্ড অপসারণ করতে পারবো না। আমিও চ্যালেঞ্জ গ্রহণ করেছি, দেখি কে বাধা দেয়। আমি সব অবৈধ বিলবোর্ড অপসারণ করব। এর মধ্য দিয়ে নগরবাসীর কাছে একটা বার্তা দিতে চাই, কেউ অবৈধ বিলবোর্ডের ব্যবসা করতে পারবে না। এই শহর সবার, সবাইকে শহরের প্রতি ভালোবাসা দেখাতে হবে। অনেকে এ ধরনের অবৈধ বিলবোর্ড দিয়ে রাজনৈতিক পরিচয় দিচ্ছেন, যা মোটেও কাম্য নয়। আমরা নিজের প্রচার করব, তবে শহরকে ক্ষতি করে নয়। শহরকে ক্ষতি করে নিজেকে প্রতিষ্ঠিত করব না।

তিনি আরও বলেন, বিমানবন্দর থেকে বের হলেই কুৎসিত এ বিলবোর্ডটি দেখা যায়। এরকম কুৎসিত বিলবোর্ড এখানে মোটেও কাম্য নয়। এই বিলবোর্ডটি ১৬ বছর ধরে এখানে অবৈধভাবে আছে। শহরে কোনো অবৈধ বিলবোর্ড থাকতে পারবে না। বিদেশিরা বিমানবন্দর থেকে নেমেই এই বিলবোর্ড দেখে বাংলাদেশ সম্পর্কে এবং ঢাকা শহর সম্পর্কে বিরূপ মন্তব্য করেন। আমরা কোনো ধরনের অবৈধ বিলবোর্ড এই শহরে দেখতে চাই না। তারই অংশ হিসেবে আজ এই অপসারণ কার্যক্রম। পর্যায়ক্রমে সবগুলো অবৈধ বিলবোর্ড নামানো হবে।

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে অন্যান্যের মধ্যে ৪৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আনিছুর রহমান নাঈম, ১৭ নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর জাকিয়া সুলতানা উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here