এস এম আওলাদ হোসেনঃ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে দাদন(সুদ)এর টাকা আদায়কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আবু ছায়েদ মাঝি নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার কুশাখালীর নলডগী এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় সাগর উদ্দিন নামে একজনকে আটক করছে পুলিশ। পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, সুদ ব্যবসায়ী বেলাল উদ্দিনের কাছ থেকে আবু ছায়েদ মাঝি কিছু টাকা ধার নেন। সম্প্রতি সকল টাকা পরিশোধ করেন আবু ছায়েদ মাঝি। কিন্তু আবু ছায়েদের কাছে সুদের (দাদন) আরো টাকা পাওনা রয়েছে বলে দাবী করেন বেলাল উদ্দিন। এ নিয়ে রোববার সন্ধ্যায় দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে গভীর রাতে বেলাল উদ্দিন এবং তার লোকজন আবু ছায়েদ মাঝিকে মোবাইল ফোনে ডেকে নিয়ে বাড়ির সামনে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা। সকালে তার লাশ বাড়ির সামনে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। চন্দ্রগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. জাফর আহমদ জানান, পাওনা টাকাকে আদায়কে কেন্দ্র করে হাতুড়ি দিয়ে পিটিয়ে আবু ছায়েদ মাঝিকে হত্যা করা হয়। এ ঘটনায় সাগর উদ্দিন নামে একজনকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

