রাজধানীর চকবাজারের চুনারুঘাট এলাকায় জুয়েল (২৩) নামের এক যুবক খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার গভীর রাতে তাকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। চকবাজার থানা পুলিশ জানিয়েছে, রাত সাড়ে ১২টার দিকে চুনারুঘাট দ্বীনের আলো জামে মসজিদের পাশে ২-৩ যুবক জুয়েলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
খবর পেয়ে স্বজনরা তাকে আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে জুয়েলের মৃত্যু হয়। তবে কী কারণে এই হত্যাকা- হয়েছে, তা এখনও জানা যায়নি। তবে নিহত জুয়েলের ভাই মোস্তাফিজুর রহমানর শাকিল জানান, মৃত্যুর আগে সুমন, রবিন, রমজান নামের তিন মাদক ব্যবসায়ীর নাম প্রকাশ করেছেন জুয়েল। তারাই তাকে ছুরিকাঘাত করেছে। শাকিল আরো বলেন, জুয়েলের সঙ্গে কোনো পূর্বশত্রুতা ছিল কিনা জানা নেই। তবে রাতে তাকে কেউ ফোন করে ডেকে নিয়ে যায়। এরপর আমরা তাকে অনেক খোঁজ করি। পরবর্তীতে জানতে পারি তাকে রক্তাক্ত অবস্থায় দ্বীনের আলো মসজিদের পাশে পাওয়া গেছে। মৃত্যুর আগে আমার ভাই ওই তিনজনের কথা বলে গেছে। নিহত জুয়েল রাজধানীতে একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করতেন। এদিকে তার মামা মঞ্জুর হাসান সুমন বাদি হয়ে চকবাজার থানায় মামলা করেছেন বলে জানিয়েছেন শাকিল।

