স্টাফ রিপোর্টারঃ দেবর-দেবরের জাতীয় পার্টির (জাপা) আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ চলছে। আজ শুক্রবার সকালে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে এ সাক্ষাৎকার পর্ব শুরু হয়। একই সাথে দলের মনোনয়ন ফরম বিক্রিও চলছে।
সকালে জাপা পার্লামেন্টারি বোর্ডে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শুরু হয়।
জাপার চেয়ারম্যান জি. এম কাদের, মহাসচিব মুজিবুল হক (চুন্নু), সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেনসহ বোর্ডের সদস্যরা সেখানে উপস্থিত আছেন।
তবে দলের প্রধান পৃষ্ঠপোষক ভাবী রওশন এরশাদ আজ দুপুর ১২টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করার খবর পাওয়া যায়নি।
দলের মহাসচিব মুজিবুল হক উপস্থিত সাংবাদিকদের বলেন, দু-একটি বাদে ৩০০ আসনেই একাধিক প্রার্থী দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। প্রার্থীদের এলাকায় প্রভাব, ব্যক্তিগত জনপ্রিয়তার বিষয়গুলো সামনে রেখে আগামী ২৭ তারিখ জাপার প্রার্থী তালিকা চূড়ান্ত করা হতে পারে।
সকাল থেকে রংপুর বিভাগের জাপার মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। দুপুরের পরে রাজশাহী বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে ।
সাক্ষাৎকারকে কেন্দ্র করে সকাল থেকেই রংপুর বিভাগের বিভিন্ন জেলার জাপার মনোনয়নপ্রত্যাশীরা বনানী কার্যালয়ে জড়ো হয়েছে ।
পূর্বঘোষণা অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার ফরম বিক্রির শেষ দিন ছিল । তবে গতকাল রাতে ঘোষণা করা হয় আজ বিকেল পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি ও জমার সময় বাড়ানো হয়েছে।
জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেও জাপার অভ্যন্তরীণ দেবর ভাবীর সংকট কাটেনি। জানা গেছে দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ আজ দুপুর ১২টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করেননি।এছাড়া ছেলে রাহগির আল মাহি এরশাদও (সাদ এরশাদ) ফরম নেননি।
এদিকে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক সাংবাদিকদের বলেন, ‘রওশন এরশাদ ফরম নেননি, তবে নেওয়ার সম্ভাবনা আছে। গতকালও তাঁর সঙ্গে কথা হয়েছে। রওশন এরশাদের জন্য কোনো সময়ের বাধ্যবাধকতা নেই।তার মনোনয়ন ফরম তাঁর বাসায় পাঠিয়ে দেওয়া হবে।’
জাপার একটি সূত্র বলছে, রওশন এরশাদ দলীয় কার্যালয়ে এসে মনোনয়ন ফরম সংগ্রহ করবেন না। তাঁর ও তার অনুসারী চার থেকে পাঁচ নেতার নামে ফরম সংগ্রহ করতে একটি তালিকা আজ দলীয় কার্যালয়ে পাঠানো হতে পারে।
