পাসপোর্ট দালাল চক্রের ১৭ জনের জেল-জরিমানা র্যাবের ভ্রাম্যমাণ আদালত

0
1437

নিজস্ব প্রতিবেদক ঃ
রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের আশপাশে অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরের অভিযানে পাসপোর্ট দালাল চক্রের ১৭ সদস্যকে আটক করা হয়। পরে দোষ স্বীকার করায় তাদের বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেন র্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন। দন্ডপ্রাপ্তদের মধ্যে মাকছুদ হোসেন, কিবরিয়া, ইমন হোসেন, লিটন শেখ, হেমায়েত ও আবুল খায়েরকে দুই মাস করে কারাদন্ড; আবদুল মোমেন, তারেক শেখ, তারেকুল ইসলাম, মামুন হোসেন, সামছুদ্দিন, মহসিন উদ্দিন, মামুনুর রহমান, শামীম হায়দার, নুরুজ্জামান ও হানিফ আলীকে ১০ দিনের কারাদন্ড এবং ইসমাইল হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে সাত দিনের কারাদন্ড দেন আদালত। র্যাব-২ এর উপ-পরিচালক মেজর মুশফিকুল হক বলেন, দালাল চক্র পাসপোর্ট প্রার্থীদের ফরম পূরণ, ফরম সত্যায়ন, ব্যাংকে ফি জমা, কাগজপত্র ঘাটতি পূরণ করে অতি দ্রুত পাসপোর্ট তৈরির দায়িত্ব নেয়। অল্প সময়ে পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। কখনো কখনো হয়রানির পর পাসপোর্ট প্রদান না করে প্রতারণা করে আসছিল। তিনি বলেন, সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচারিত হওয়ার পরও ওই দালাল চক্র গণউপদ্রব অব্যাহত রাখে। পাসপোর্ট অধিদফতর কর্তৃক গণউপদ্রব বন্ধের সতর্কীকরণ পদক্ষেপ গ্রহণের পরও দালাল চক্রের উপদ্রব বন্ধ না হওয়ায় গোয়েন্দা কার্যক্রম শুরু করে র্যাব। এরই পরিপ্রেক্ষিতে গতকাল ১৭ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here