পাবনার সাংবাদিক হাবিবুর রহমান স্বপন সন্ত্রাসী হামলার শিকার

0
602

সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন পাবনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি, বৈশাখী টেলিভিশন ও দৈনিক সংবাদের পাবনাস্থ নিজস্ব প্রতিবেদক হাবিবুর রহমান স্বপন (৬৫)। শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পাবনা সেবা হাসপাতালের সামনে এই হামলার ঘটনা ঘটে।

Advertisement

রাতেই ঢাকাতে স্থানান্তর করা হয়েছে। পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক আহমেদ উল হক রানা জানান, ঘটনার সময় প্রেসক্লাব থেকে রিকশাযোগে শহরের কফিল উদ্দিন পাড়ায় ভাড়া বাসায় ফিরছিলেন সাংবাদিক হাবিবুর রহমান স্বপন। পথিমধ্যে সেবা হাসপাতালের সামনে পৌঁছামাত্র হেলমেট পরিহিত একটি মোটরসাইকেলে তিনজন আরোহী রিকশার গতিরোধ করে তাকে এলোপাতাড়ি মারপিট করে। এতে তার মাথায় ফেটে যায় এবং বাম হাত ভেঙ্গে যায়। চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পাবনায় কর্মরত গণমাধ্যমকর্মীরা হাসপাতালে ছুটে যান। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসসহ পুলিশের কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হাসপাতালে আহত সাংবাদিকের খোঁজ নেন। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে ঢাকাতে স্থানান্তর করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, কারা, কি কারণে সাংবাদিক স্বপনের উপর হামলা করেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে হামলাকারীদের ধরতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। সাংবাদিক স্বপনের উপর এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পাবনা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শিবজিত নাগ ও সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন। তারা অবিলম্বে হামলাকারীদের খুঁজে বের করতে পুলিশের প্রতি আহবান জানান। এদিকে রোববার দুপুরে এই ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাবনা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করে। মানববন্ধনে পাবনা প্রেসক্লাবের সভাপতিসহ পাবনায় কর্মরত সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here