ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. পাবনার আটঘরিয়া উপজেলা তাঁর নির্বাচনী এলাকায় ১৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪ লাখ ১৫ হাজার সরকারি বই বিনামূল্যে একযোগে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
রবিবার দুপুরে পাবনার আটঘরিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ভূমি মন্ত্রী।
আটঘরিয়া পৌর মেয়র ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের সভাপতি শহিদুল ইসলাম রতন এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আকরাম আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুম মনিরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আমেনা খাতুন, আটঘরিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল হোসেন, কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল ইসলাম, উপজেলা আওয়ামী যুব লীগের সভাপতি আজিজুল গফফার, সাধারণ সম্পাদক গোলাম মাওলা পান্নু, সহকারী শিক্ষা কর্মকর্তা শিউলি আহমেদ, একাডেমিক সুপারভাইজার শিপ্রা রাণী মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সারাদেশে একযোগে ছাত্রছাত্রীদের মাঝে ৩৫ কোটি ৪৬ লাখ পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে। আটঘরিয়া উপজেলার ২৭টি মাধ্যমিক বিদ্যালয়ের ১ লাখ ৮০ হাজার ৭৯২টি বই, প্রাথমিক বিদ্যালয়ের জন্য ১ লাখ ৩০ হাজার ৬০০টি বই, এবতেদায়ী ২৪টি প্রতিষ্ঠানের জন্য ৩৯ হাজার ৯৭০টি বই এবং ১৯টি দাখিল মাদ্রাসার জন্য ৬৪ হাজার ১৭৬টি বই বিতরণ করা হয়।
সরকারিভাবে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা উত্তর সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করেছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ক্রমান্বয়ে জাতীয়করণ করার ঘোষণা দিয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে জাতির পিতার সোনার বাংলা গড়ে তোলার আহ্বান জানান।

