সাভারের দেওগাঁও গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজের চার দিন পর গতকাল বুধবার সন্ধ্যায় এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুর নাম- ইয়াসিন (৭)। সে চাঁদপুর জেলার মতলব উত্তর থানার চেঙ্গাচরের বড়হলদিয়া গ্রামের গোলাম রব্বানীর ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিশু ইয়াসিন চাঁদপুর থেকে বাবা-মায়ের সাথে সাভারের দেওগাঁও গ্রামে নানার বাড়িতে বেড়াতে এলে গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় িিনাখোঁজ হয়। পরে তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয় এবং এরই মধ্যে আত্মীয়-স্বজনদের বাসায় খোঁজলেও তাকে পাওয়া যায়নি। গতকাল সন্ধ্যায় এলাকার একটি কাশবন থেকে গন্ধ বের হলে খোঁজ নিয়ে একটি শিশুর গলিত লাশ দেখতে পায় স্থানীয়রা। এরপর থানা পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করেন। পরে পরিবারের পক্ষ থেকে এটি ইয়াসিনের লাশ বলে সনাক্ত করা হয়। সাভার মডেল থানার (এসআই) সুজায়েত জানান, শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

