ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় দেলোয়ার হোসেন দিলু (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার বোকাইনগর ইউনিয়নের ডালিয়া বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত দেলোয়ার অচিন্তপুর ইউনিয়নের মোবারকপুর গ্রামের ডিমের বেপারি আবদুল বারেকের ছেলে।
নিহতের চাচাতো ভাই আবদুল জলিল জানান, দিলু বুধবার রাত ১০টার দিকে মাছ শিকারের জন্য বোকাইনগর ইউনিয়নের ডালিয়া বিলে যান। এর পর তিনি আর ফেরেননি। বৃহস্পতিবার সকালে তার মৃতদেহ পাওয়া যায়। তবে ধারণা করা হচ্ছে, ধানক্ষেতে মাছ শিকার করতে যাওয়া কেন্দ্র করে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী জানান, নিহতের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে তিনটি লাঠি ও মাছ ধরার যন্ত্রও উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। গৌরীপুর থানার ওসি রিপন চন্দ্র সরকার জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

