সেশনজটহীন মেডিকেল শিক্ষাবর্ষসহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের শতাধিক শিক্ষার্থী। এতে ওই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
রবিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তারা এ অবরোধ করেন।
মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের দাবিগুলো হলো- করোনা মহামারিতে প্রফের (পরীক্ষা) বিকল্প, অনতিবিলম্বে সেশনজট দূর করতে পরবর্তী পর্যায়ের অনলাইন ক্লাস শুরুর নির্দেশনা দেয়া, পরীক্ষা ও ক্লাসবিষয়ক সব আদেশের ক্ষেত্রে অগ্রাধিকারের ভিত্তিতে মেডিকেলের শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করা এবং বেসরকারি মেডিকেল-ডেন্টাল বন্ধ থাকাকালে নিয়মিত-অনিয়মিত শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত বেতন না নেয়া৷
গত ২৮ অক্টোবর এক বিজ্ঞপ্তিতে মেডিকেল ও ডেন্টাল কলেজের (এমবিবিএস ও বিডিএস কোর্স) দ্বিতীয় ও তৃতীয় বর্ষ এবং পর্যায়ক্রমে প্রথম ও শেষ পর্ষের পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে নির্ধারণ করেছে স্বাস্থ্যশিক্ষা অধিদফতর৷ করোনার কারণে প্রায় আট মাস ধরে মেডিকেল কলেজগুলোর শিক্ষা কার্যক্রম বন্ধ আছে৷
শিক্ষার্থীরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা হলে করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে৷ তাছাড়া কোনো শিক্ষার্থী করোনায় সংক্রমিত হলে, পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে তারা অন্যদের থেকে পিছিয়ে পড়বেন৷ পরীক্ষা দিতে গিয়ে কেউ করোনা আক্রান্ত হলে তার দায় কর্তৃপক্ষকে নিতে হবে৷

