‘খেলা শুরুর আগেই বিএনপি বলছে ফাউল’

1
1029

স্টাফ রিপোর্টার: পৌরসভা নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় প্রার্থী চূড়ান্ত হওয়ার আগেই বিএনপি নানা অভিযোগ তুলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

রোববার রাজধানীতে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

Advertisement

আলোচনা সভায় তিনি বলেন, বিএনপি জানে নির্বাচনে জয়লাভ করতে পারবে না। জনবিরোধী কর্মকাণ্ডের কারণে জনগণ তাদের প্রত্যাখান করে আসছে। নিজেদের পরাজয়ের আশঙ্কায় এখন তারা নানা অভিযোগ করছে।

“খেলার শুরু হওয়ার আগেই বিএনপি ফাউলের অভিযোগ করছে।”

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এই আলোচনা সভার আয়োজন করে সাম্যবাদী দল।

‘আন্দোলনের ইস্যু’ তৈরি করতে বিএনপি জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করে হানিফ বলেন, এই নির্বাচনকে কেন্দ্র করে আন্দোলনের কোনো সুযোগ নেই।

“আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলে দিতে চাই, নির্বাচনের কমিশনের দায়িত্ব অবাধ সুষ্ঠু নির্বাচন করা। সরকারের দায়িত্ব নির্বাচন কমিশনকে সহায়তা করা। এই নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই।”

হানিফ বলেন, পৌরভোট নিয়ে সংখ্যালঘুদের উপর হামলার অশুভ তৎপরতা চালিয়ে সরকারকে হটানো যাবে না। এটাকে কঠোরভাবে দমন করা হবে।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে সভায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া ও গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনসহ ১৪ দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

আগামী ৩০ ডিসেম্বর ২৩৫ পৌরসভায় ভোটের দিন নির্ধারিত রয়েছে। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ভোটের ২১ দিন আগে প্রচারণার কোনো সুযোগ নেই।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here