কবিতাঃ জীবন্ত ফসিল
কবিঃ শিপ্রা দেবনাথ টুলটুল
প্রকাশকালঃ ১৩.২.২০২২ খ্রিঃ
কখনো কখনো কিছুতেই মনে পড়ে না
কি যেন একটা গুরুত্বপূর্ণ কাজ
অথবা কথা ছাড়া পরেছে,
কোথাও কিছু একটা রেখে
বেমালুম ভুলে যাই
কিছুতেই আর মনে পড়ে না
আজকাল এমনটা হয়
মাথাটাও বনবন করে ঘুরতে থাকে
কিছুই ভালো লাগেনা।
মনে হয় আর একটু
ঘুমিয়ে নিলে ভালো হতো
অথবা চির ঘুমে চলে গেলেও
কিছু ক্ষতি নেই
এসব ছাইপাশ চিন্তার মাঝখানেই
আবার জেগে উঠি।
এইমাত্র যে কাজটা করতে হবে
তা ভুলে যাচ্ছি
অথচ কতকাল আগে ঘটে যাওয়া
টুকরো টুকরো ঘটনাগুলো এখনো
মনের ভেতর জীবন্ত,
অনেক জানতে চেয়েছি নিজেকে
জানা হয়ে ওঠেনি
কেন বেঁচে আছি বুঝে উঠতে পারি না
জীবন জুড়ে প্রশ্ন কে আমি?
ঘুমের ভেতর
শৈশব হামাগুড়ি দেয়
কৈশোর দৌড়োয়
যৌবন ছুটে চলেছে
দায়িত্ববোধ জেগে উঠছে,
আমি হেরে যেতে চাই না
আবার শুরু করতে চাই।

