এরকমই কিছু “স্পেশাল” মানুষ আছেন যারা বাহ্যিকভাবে কোন স্পেশাল কাতারে পড়েন না। তাঁরা নবীও না, শহীদও না। অথচ নবী আর শহীদরা পর্যন্ত তাঁদের ব্যাপারে ঈর্ষা বোধ করবেন! কে এই মানুষগুলো? চলুন, জেনে নেওয়া যাক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “আল্লাহর এমন কিছু বান্দা আছেন, যাদের ব্যাপারে নবী এবং শহীদরা পর্যন্ত ঈর্ষা করবেন।” জিজ্ঞেস করা হলো, “তারা কারা? (আমাদেরকে বলুন), আমরা যেন তাদেরকে ভালোবাসতে পারি।” নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “তারা হলো এমন সব লোক, যারা – না সম্পদের জন্যে, আর না আত্মীয়তার জন্যে – (বরং) শুধু আল্লাহর জন্যেই একে অপরকে ভালোবাসে। (হাশরের মাঠে) তাদের চেহারা হবে আলোর মত উজ্জ্বল। তারা দাঁড়াবে নূরের মিম্বারের ওপর। যেদিন সমস্ত মানুষ ভয়ে কাঁপতে থাকবে, সেদিন তারা ভয় পাবে না। যেদিন সমস্ত মানুষ থাকবে চিন্তিত, সেদিন তারা চিন্তিত হবে না।” এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ আয়াত তিলাওয়াত করলেন – أَلا إِنَّ أَولِياءَ اللَّهِ لا خَوفٌ عَلَيهِم وَلا هُم يَحزَنونَ “জেনে রাখো, আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, আর তারা চিন্তিতও হবে না।” [সূরা ইউনুস, ১০ : ৬২]

