নোয়াখালীর সুধারামে ইয়াবা বিক্রয়ের ভিডিও ধারণ করায় তারেক আজিজ (১৭) নামের এক কিশোরকে গরম তেলের কড়াইয়ের ভিতর চেপে ধরে তার শরীর জ্বলসে দিয়েছে মাদক ব্যবসায়ীরা। গতকাল রোববার বিকালে সদর উপজেলার পূর্ব এওজবালিয়ার বেদে পল্লীতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পূর্ব এওজবালিয়া গ্রামে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন মাদক ব্যবসায়ীরা।
গত শনিবার বিকালে স্থানীয় বেদে পল্লীর মিটন (৩৪), টুকু (৩৫) ও মোস্তাক (৪০) নামের মাদক ব্যবসায়ীরা বাইরের এলাকা থেকে আসা মাদকসেবীদের কাছে মাদক বিক্রি করার সময় স্থানীয় দেলোয়ার হোসেন বাহারের ছেলে তারেক আজিজ মোবাইলে ভিডিও ধারণ করে। এসময় মাদক ব্যবসায়ীরা বিষয়টি টের পেয়ে তাদের সহযোগী লটন (২৬), আমান (৪৫), মিঠু (৩২), ফিন্সিল (২৮), নজরুল (২৯), জাকিরকে (৪৬) ডেকে নিয়ে তারেক আজিজকে মারধর করে মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে তারেক বাঁধা দিতে গেলে মাদক ব্যবসায়ীরা তার মাথায় কুপিয়ে পাশের দোকানে গরম তেলের কড়াইয়ে তাকে চেপে ধরে। এতে শরীরের অধিকাংশ স্থান ঝলসে যায় তারেকের। তারেকের চিৎকারে তার ছোটভাই আরিফ (১৩) ও আশপাশের লোকজন এগিয়ে আসলে মাদক ব্যবসায়ীরা আরিফকেও পিটিয়ে আহত করে চলে যায় এবং তারেকের মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা গুরত্বর আহত অবস্থায় তারেক আজিজকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহত তারেকের পিতা দোলোয়ার হোসেন বাহার এবং স্থানীয় লোকজন অভিযগ করেন, দীর্ঘদিন যাবৎ বেদেরা এখানে বাড়ি-ঘর তৈরী করে মাদক ব্যবসাসহ নানা রকম অসামাজিক কর্মকা- চালিয়ে যাচ্ছে। তাদের সেসব অপকর্মের প্রতিবাদ করলেই তারা সবাই একসাথ হয়ে হামলা করে।

