আ.লীগ এবার আগের চেয়ে বেশি ভোট পেয়েই জয়ী হবে

0
674

নবমের চেয়ে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বেশি ভোট পাবে বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

Advertisement

গতকাল সোমবার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এ কথা বলেন। তিনি বলেন, ‘আরেকটা সুখবর জানাতে আমি এসেছি। আগামী নির্বাচন নিয়ে আমি জরিপ করেছি। দলকে জানাতে চাই যে আমার জরিপের রেজাল্ট এত ভালো আসছে যে আজকে যদি নির্বাচন হয়, তাহলে আগের চেয়ে বেশি ভোট পাবে আওয়ামী লীগ। ২০০৮ সালের চেয়েও বিপুল ভোটে বিজয় হবে আওয়ামী লীগ।’ সজীব ওয়াজেদ জয় দাবি করেন, ‘এটা সাইন্টিফিক্যালি (বৈজ্ঞানিকভাবে) জরিপ করে আমরা পেয়েছি। এখানে আওয়ামী লীগের ভয় পাওয়ার কিছু নেই। এ কথাটা জানাতে আমি এসেছি।’ আগামী সংসদ নির্বাচনে নিজে প্রার্থী হচ্ছেন না বলেও জানান সজীব ওয়াজেদ জয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রার্থী হচ্ছি না। আমার উদ্দেশ্য দলকে ক্ষমতায় রাখা। এমপি-মন্ত্রী হওয়ার লোভ আমার নেই। এটা ভবিষ্যতে দেখা যাবে। দলকে কীভাবে ক্ষমতায় রাখতে পারি, এটাই আমার লক্ষ্য।’ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২০০৮ সালে ২৯ ডিসেম্বরের নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২৩০ আসন পেয়ে ক্ষমতায় আসে। মোট ভোটের ৪৮ দশমিক শূন্য ৪ শতাংশ ভোট পায় দলটি। ভোট সংখ্যা ছিলো ৩ কোটি ৩৬ লাখ ৩৪ হাজার ৬২৯টি। ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২৩৪টি আসন পায়। ওই ভোটে ১৫৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আওয়ামী লীগ প্রার্থীরা। বাকি ১৪৭ আসনে দলটি ভোট পায় ১ কোটি ২৩ লাখ ৫৭ হাজার ৩৭৪টি, যা মোট ভোটের ৭২ দশমিক ১৪ শতাংশ। ২০১৮ সালের শেষ দিকে একাদশ সংসদ নির্বাচন হবে। ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলী ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বিকেল তিনটা থেকে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন। ওই বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে কোনো পরিকল্পনা আছে কি না এবং কোনো চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কি না, জানতে চাইলে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আওয়ামী লীগ আগামী নির্বাচনে ক্ষমতায় আসবেই। আওয়ামী লীগের প্রতি মানুষের যে বিশ্বাস এবং ভালোবাসা চলে এসেছে; আওয়ামী লীগকে ভোটে হারানোর মতো কোনো দল বাংলাদেশে নেই।’ সজীব ওয়াজেদ জয় বলেন, ‘এটা আমার জরিপে একদম স্পষ্ট। এটা নিয়ে আমার খুব একটা চিন্তা নেই।’ কোন প্রতিষ্ঠান এ জরিপ করেছে, জানতে চাইলে জয় বলেন, ‘জরিপটা আমরা প্রত্যেক বছরই করি। সেটা আমাদের একটা কোম্পানি আছে, সেটা থেকেই করি। এটা আমার বিষয়, এটা নিয়ে আমি স্টাডি করেছি, কাজ করেছি। আমার বিশ্বাস, আমার জরিপ হচ্ছে মোস্ট অ্যাকিউরেট (একেবারে নির্ভুল)।’ নির্বাচন নিয়ে যেকোনো ষড়যন্ত্রে নজর রাখার কথা জানিয়ে সজীব ওয়াজেদ বলেন, ‘ষড়যন্ত্র তো লেগেই আছে, আমাদের নজর রাখতে হবে, আগামী এক বছর, কোনো দুর্ঘটনা, যেগুলো আমরা গত নির্বাচনে দেখেছি, যেভাবে আমাদের দেশের মানুষের ওপর আগুন দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এ রকম ঘটনা যাতে না হয়।’

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here