আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফার এক দফাও মানা হবে না, এগুলো অযৌক্তিক দাবি। গতকাল ঢাকার উত্তরায় মেট্রোরেল প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জোট গঠন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, করুক, আরো বাড়ুক তারা। নেতায়-নেতায় ঐক্য হোক, তাতে জনসমর্থন পাবে না। নেতায়-নেতায় যে ঐক্য, সে ঐক্যে জনতার কী? তিনি বলেন, এত বড় ঐক্যফ্রন্ট! কয়টা লোক হলো? বড় বড় বাঘা বাঘা নেতা সেখানে গেলেন বোমা ফাটাতে, জনগণের সাড়া কি মিলেছে? কোনো দিন মিলবে না। বাংলাদেশের ইতিহাস বলে, আন্দোলনে যারা বিজয়ী হতে পারে না, নির্বাচনেও তারা বিজয়ী হতে পারে না। ‘সরকারের মাথা খারাপ হয়েছে’ ড. কামাল হোসেনের এমন মন্তব্যের কড়া সমালোচনা করে কাদের বলেন, ওনার মাথা ঠিক আছে? তা জানতে চাই। নির্বাচন কমিশন পুরোপুরি নিরপেক্ষ দাবি করে সেতুমন্ত্রী বলেন, নিরপেক্ষ সরকারের দরকার কী? নিরপেক্ষ নির্বাচন কমিশন তো আছে। নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন কমিশনের আন্ডারে। ওবায়দুল কাদের আরো বলেন, পরিবর্তনের আর সময় কই, রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করে এই নির্বাচন কমিশন গঠন করেছেন। এখানে বিএনপির লোকও তো আছে। ইসিতে মতভেদের বিষয়ে মন্ত্রী কাদের বলেন, এটা কি জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ যে পাঁচজন সর্বসম্মত মত না দিলে কোনো সিদ্ধান্ত নেয়া যাবে না! এখানে পাঁচজনের মেজরিটি যা বলে তাই সিদ্ধান্ত। এটা বিভক্তি নয়। তিনি বলেন, বিএনপি কতটা দেউলিয়া যে এখন আবার তাদের নেয়া হয়েছে। দলের লোকজনকে সংস্কারপন্থী বলে কোণঠাসা করে রেখেছিল বিএনপি। এখন এই লোকেরা এসে আন্দোলনে শক্তি জোগাবে, এটা বিশ্বাস করা কঠিন। তা ছাড়া ফখরুল সাহেব নিজেও সংস্কারবাদী ছিলেন।

