ইয়াকুব নবী ইমন, নোয়াখালী প্রতিনিধি:
সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক আলমগীর ইউসুফকে রোববার সকালে ঢাকার পঙ্গু হাসপাতালে দেখতে গেলেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় মন্ত্রী চিকিৎসকদের কাছে আলমগীর ইউসুফের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন এবং মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন। এরআগে শুক্রবার নোয়াখালী সদর-সুবর্ণচর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও চাটখিল-সোনাইমুড়ি আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহীম আলমগীর ইউসুফকে দেখতে যান।
পঙ্গু হাসপাতালের সহযোগী অধ্যাপক আবদুর সবুর জানান, আলমগীর ইউসুফের বাম হাতের হাঁড়ে একাধিক ভাঙ্গন ও বুকের পাজরের দুটি হাঁড় ভেঙ্গে গেছে। দুই সপ্তাহ পর তার অপারেশন হবে। তিনি পুরো সুস্থ্য হয়ে উঠতে সময় লাগবে।
গত ২৮ জুন নোয়াখালী দুপুরে জিলা স্কুলের সামনে থেকে দৈনিক ইত্তেফাকের নোয়াখালী প্রতিনিধি আলমগীর ইউসুফ ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলা জিয়াউল হক লিটন একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ব্যাটারি চালিত রিকশাযোগে গোদার মসজিদ এলাকায় যাচ্ছিলেন। পথে পৌর বাজারের সামনে রিকশাটিকে পেছন থেকে হিমাচল পরিবহণের যাত্রীবাহী একটি বাস ধাক্কা দেয়। এ সময় তারা রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষনিক আশেপাশের লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্যে আলমগীর ইউসুফকে ঢাকার পঙ্গু হাসপাতালে এবং জিয়াউল হক লিটনকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। গত শনিবার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পঙ্গু হাসপাতালে জিয়াউল হক লিটনকে দেখতে গিয়ে তার চিকিৎসার খোঁজ খবর নেন।
