সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরুদ্ধ করে রেখেছেন সাধারণ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। রোববার দুপুর ৩টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। ঘটনাস্থলে আন্দোলনকারীদের সমন্বয়ক হাসান আল মামুন দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, সংসদ অধিবেশন চলছে। আমরা চাই এই অধিবেশন থেকেই ঘোষণা দেওয়া হোক কোটা পদ্ধতি সংস্কারের। সংসদে আমাদের পক্ষে সিদ্ধান্ত নিলে তবেই আমরা রাস্তা ছাড়ব। এর আগে দুপুর দেড়টার দিকে পূর্বঘোষিত গণপদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা কর্মসূচিস্থলে জড়ো হন। বেলা দুইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনের রাস্তা দিয়ে রাজু স্মৃতি ভাস্কর্য হয়ে নীলক্ষেত ও কাঁটাবন ঘুরে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন আন্দোলনকারীরা। এদিকে আন্দোলনকারীদের অবস্থানে শাহবাগ ও আশেপাশের এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোন্তিতে পড়েছেন সাধারণ যাত্র্রীরা। ওই এলাকায় যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। ঘটনাস্থলে জলকামানসহ অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিকেল সাড়ে ৫টার দিকেও আন্দোলন চলছিল। এর আগে কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে গত ১৪ মার্চ জন্য ৫ দফা দাবি নিয়ে স্মারকলিপি দিতে সচিবালয় অভিমুখে যেতে চাইলে আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ। সেসময় কয়েকজনকে আটক করা হয়।

