বাকলিয়ায় খাওয়ার পানি সংকট চরম আকার ধারণ করেছে। বিগত চার দিন ধরে ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের রাহাত্তার পুল, ফুলতলা, বিএড কলেজ, খালপাড়, কেবি আমান আলী রোড, রসুলবাগ আবাসিক এলাকা, বড় মিয়া মসজিদ এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় ওয়াসার পানি সরবরাহ বন্ধ থাকায় স্থানিয় বাসিন্দারা চরম দূর্ভোগে পড়েছে। শুধু তাই নয়, ওই ওয়ার্ডে এমনিতেই দীর্ঘদিন ধরে দিনের বেলায় ওয়াসার পানি সরবরাহ থাকে না। কেবল রাতের বেলায় চাহিদার তিন ভাগের এক ভাগ পানি পাওয়া যেত। তার উপর আবার ওয়াসা কর্তৃপক্ষ কোনরকম পূর্ব ঘোষনা ব্যতিত পাইপ লাইনের মেরামত কাজের অজুহাতে বিগত চারদিন ধরে পানি সরবরাহ বন্ধ রেখেছে। এতে করে ওই এলাকায় বিশুদ্ধ খাওয়ার পানি সংকটে স্থানিয় বাসিন্দারা চরম দূর্ভোগে পড়েছে। বর্তমানে ওই এলাকার বাসিন্দারা জীবন ধারণের জন্য বেশী মূল্যে পানি ক্রয় করে খাওয়াসহ গৃহস্থালির কাজ সম্পাদন করছেন। এ অবস্থা অব্যাহত থাকলে, বাকলিয়াবাসী সীমাহীন দূর্ভোগে পড়বে। তাই অনতি বিলম্বে বাকলিয়াবাসীর দূর্ভোগ লাঘবে দ্রুত খাওয়ার পানি সরবরাহ নিশ্চিতে জরুরী পদক্ষেপ গ্রহণের জন্য চট্টগ্রাম ওয়াসাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারী কামনা করছি।
