দলের নাম ভাঙ্গিয়ে কোন অপকর্ম বা দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা …. প্রধানমন্ত্রী

0
1776

অপরাধ বিচিত্রাঃ
নিজে কোনো দুর্নীতিতে জড়াব না, কারো দুর্নীতি প্রশ্রয় দেব না, দলের নাম ভাঙ্গিয়ে কেউ কোন অপকর্ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও বলেন। এই আদর্শ নিয়ে সরকারি কর্মকর্তাদের কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ জনপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) ৬০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স  শেষ অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সেই সঙ্গে সিভিল সার্ভিসের নবনিযুক্ত ক্যাডারদের হৃদয়ে দেশ ও জনগণের জন্য অপরিসীম ভালোবাসা ধারণ করার আহ্বান জানান তিনি।
সংবিধানের ২১ (২) ধারাটি সর্বদা মনে রাখার জন্য নতুন ক্যাডারদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সিভিল সার্ভিসের প্রত্যেক সদস্যের দায়িত্ব হচ্ছে জনগণের সেবায় সর্বোত্তম প্রয়াস চালিয়ে যাওয়া। তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের অবশ্যই জনগণের সামাজিক নিরাপত্তার ব্যাপারে সতর্ক থাকতে হবে। কর্মকর্তাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, জনগণের সর্বোত্তম সেবাদান ও সাফল্য অর্জনে সর্বাগ্রে পূর্বশর্ত হলো দেশপ্রেম। আপনাদের অবশ্যই জনগণকে ভালোবাসতে হবে এবং সর্বাগ্রে দেশকে জানতে হবে। তিনি বলেন, অবশ্যই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন জোরদারে গৃহীত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে পদক্ষেপ নিতে হবে। উন্নয়ন প্রকল্প যাতে যথাযথ মান বজায় রেখে বাস্তবায়ন হয়, সে ব্যাপারে সতর্ক থাকার জন্য ক্যাডারদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। নতুন পে স্কেলের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এই বেতন-ভাতা বৃদ্ধির ফলে সরকারি কর্মকর্তাদের মধ্যে সন্তুষ্টি বিরাজ করবে, তাঁদের পরিবারে স্বচ্ছলতা ফিরে আসবে এবং তাঁদের দুর্নীতি থেকে দূরে রাখবে। তিনি বলেন, কেবল নতুন পে স্কেল দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য কাজ করবে না; বরং দুর্নীতি দূর করার লক্ষ্যে যথাযথ পদক্ষেপ নিতে হবে। প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তাদের আন্তর্জাতিক মানের উপযুক্ত প্রশিক্ষণের জন্য বিপিএটিসি-তে অবকাঠামো না থাকার বিষয়টি উল্লেখ করে অবিলম্বে কেন্দ্রের উন্নয়নে একটি প্রকল্প প্রস্তাব দেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং প্রতিমন্ত্রী ইসমত আরা সাদিক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী এবং বিএপিটিসির রেক্টর এএলএম আবদুর রহমান অনুষ্ঠানে বক্তব্য দেন। অংশগ্রহণকারীদের পক্ষে বক্তব্য দেন হিয়া পাল এবং সৈয়দ আশরাফুজ্জামান।
বিপিএটিসি এবং অন্য ৯টি প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিভিন্ন ক্যাডারের ৭২৫ জন কর্মকর্তাকে ছয় মাস মেয়াদি প্রশিক্ষণ দিয়েছে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here