চাউলের আমদানি শুল্ক ১৮ ভাগ কমছে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে -বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

0
1521

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, চাউলের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার চলমান আমদানি শুল্কের ১৮ ভাগ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এখন ১০ শতাংশ আমদানি শুল্ক দিয়ে চাউল আমদানি করা যাবে। এতে করে চলমান চাউলের মূল্য দ্রুত স্বাভাবিক হয়ে আসবে। বাজাপরে  আগে ১০ ভাগ আমদানি শুল্কের পাশাপাশি কৃষকদের অধিকার নিশ্চিত করতে ১৫ ভাগ রেগুলারেটরি ডিউটি এবং ৩ ভাগ সম্পপূরক শুল্কসহ মোট ২৮ ভাগ শুল্ক প্রযোজ্য ছিল। মন্ত্রী বলেন, বাজারে পণ্যের মূল্য ইচ্ছাকৃত বৃদ্ধির চেষ্টা করা হয়েছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ব্যবসাবান্ধব সরকারের বিভিন্ন পদক্ষেপ গ্রহনের ফলে পণ্যমূল্য স্বাভাবিক রয়েছে। স্থায়ীভাবে পণ্যের বাজার স্বাভাবিক রাখতে সরকার সবধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।
মন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে  বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের যৌথ উদ্যোগে আয়োজিত “প্রতিযোগিতা আইন-২০১২ অবহিত করণ কর্মশালায়” প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করার সময় এ সব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, ব্যবসা-বাণিজ্যে সুস্থ প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করে ষড়যন্ত্রমূলক যোগসাজস, মনোপলি, জোটবদ্ধতার মাধ্যমে পণ্যের মূল্য বৃদ্ধির প্রবনতা বন্ধ করতে সরকার ২০১২ সালে প্রতিযোগিতা আইন পাস করেছে। সে মোতাবেক প্রতিযোগিতা কমিশন গঠন করা হয়েছে। দেশে স্বাভাবিক প্রতিযোগিতার মাধ্যমে ব্যবসা-বাণিজ্য পরিচালনার জন্য সরকার সবধরনের পদক্ষেপ নিয়ে যাচ্ছে। প্রতিযোগিতা কমিশন সে লক্ষ্যে কাজ করে যাবে। দেশীয় শিল্পকে রক্ষা করে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে যাচ্ছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেট দেশের মানুষের প্রত্যাশা মতো সংশোধিত আকালে পাস হবে। পাসকৃত বাজেট দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে এবং মানুষ খুশি হবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় সংসদে এমন বাজেট পাস করা হবে, যা সকলের কাছ গ্রহণযোগ্য হবে। বাজেট পাসের পর আর কোন আলোচনা বা সমালোচনা থাকবে না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলে অপ্রত্যাশিত প্রাণহানীর ঘটনা দুঃখজনক। দুর্ঘটনার পর থেকেই সরকার উদ্ধার কাজসহ প্রয়োজনীয় সবকিছুই করে যাচ্ছে। উদ্ধার কাজ করতে গিয়ে সেনাবাহিনীর কয়েকজন সদস্যও প্রাণ হারিয়েছেন। দুর্গত মানুষের জন্য প্রয়োজনীয় সবকিছুই করে যাচ্ছে সরকার।
প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মো. ইকবাল খান চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শুভাশীষ বসু। মূল আলোচক ছিলেন, ইষ্ট-ওয়েষ্ট ইউনিভার্সিটির  অধ্যাপক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. এ. কে. এনামূল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রতিযোগিতা কমিশনের সদস্য এটিএম মুর্তজা রেজা চৌধুরী, মো. আবুল হোসেন মিয়া, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুন্সী শফিউল হক, প্রধান আমদানি-রপ্তানি নিয়ন্ত্রক আফরোজা খান, জয়েন্ট স্টক কোম্পানির রেজিষ্টার মো. মোশাররফ হোসেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মো. শফিকুল ইসলাম লস্করসহ বাণিজ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here