এইড ফর ট্রেড শীর্ষক সভায় যোগ দিতে জেনেভা গেছেন বাণিজ্যমন্ত্রী

0
1294

জেনেভায় অনুষ্ঠিতব্য “৬ষ্ঠ গ্লোবাল রিভিউ অফ এইড ফর ট্রেড” শীর্ষক সভায় যোগদান করতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আজ (সকাল ১০.১৫ মি.) ঢাকা ত্যাগ করেছেন। বিশ^বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) এর মহাপরিচালকের আমন্ত্রণে তিনি এ সভায় যোগদান করছেন। ২০০৫ সালে বিশ^বাণিজ্য সংস্থা’র হংকং মিনিস্টিরিয়াল কনফারেন্সে উন্নয়নশীল এবং স্বল্পোন্নয়ন দেশ সমুহের বাণিজ্য সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এইড ফর ট্রেড কর্মসূচি গ্রহন করা হয়। এ কর্মসূচি বাস্তবায়নের জন্য একটি টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত করা হয়। এ টাস্ক ফোর্সের সুপারিশ মোতাবেক প্রতি দু’বছর অন্তর এইড ফর ট্রেড কর্মসূচির কার্যকারিতা পর্যালোচনা করা হয়। এরই প্রেক্ষিতে ২০০৭ সাল থেকে গ্লোবাল রিভিউ অফ এইড ফর ট্রেড অনুষ্ঠিত হচ্ছে। ১১ থেকে ১৩ জুলাই এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এবারের সভার মূল প্রতিপাদ্য বিষয় হলো “প্রোমটিং ট্রেড, ইক্লুসিভনেস এন্ড কানেকটিভিটি ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট”। এবারের সভায় বিগত দিনে বাণিজ্য সহায়তামূলক কর্মসূচির কার্যকারিতা পর্যালোচনার মাধ্যমে পরিবর্তিত কর্মপন্থা নির্ধারণ করা হবে।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গ্লোবাল রিভিউ-এর হাই লেভেল সেশনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এখানে তিনি বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। এইড ফর ট্রেড ইন এশিয়া এন্ড দ্য প্যাসিফিক: প্রোমটিং কানেকটিভিটি এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট শীর্ষক রাউন্ড টেবিল সেশনে তিনি বক্তব্য রাখবেন। এর পাশাপাশি বাণিজ্যমন্ত্রী বিশ^বাণিজ্য সংস্থার মহাপরিচালক, আইটিসি’র মহাপরিচালক এবং আংটার্ডের মহাপরিচালক, যুক্তরাজ্যের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট মন্ত্রী এবং বিশ^ব্যাংকের সিনিয়র ডিরেক্টরের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এতে করে বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের আন্তর্জাতিক সহায়তা প্রাপ্তির পথ সুগম হবে।
জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. শামীম আহসান, ইকোনমিক মিনিস্টার সুপ্রিয় কুমার কুন্ডু এবং মিনিস্টার ট্রেড মোস্তফা আবীদ খান বাণিজ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন।
বাণিজ্যমন্ত্রী আগামী ১৪ জুলাই দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here