আল-কুরআনুল করীম হচ্ছে মহান আল্লাহ্র এমন বাণী, যা মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিলকৃত, তার নিকটে এর শব্দ ও অর্থ উভয়টিই ওহী আকারে প্রেরিত, যা মুসহাফে (গ্রন্থাকারে) লিপিবদ্ধ, মুতাওয়াতির সূত্রে (সন্দেহাতীত বহু মানুষ কর্তৃক) বর্ণিত এবং যা তেলাওয়াত করা ইবাদত হিসেবে পরিগণিত। আল্লাহ্ তা’আলা তাঁর রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নিকট যা ওহী আকারে প্রেরণ করেছেন, তিনি নিজেই তার নাম দিয়েছেন ‘আল-কুরআন’ (অধিক পঠিত)। মহান আল্লাহ্ বলেন, ]۲۳ : إِنَّاعَن نَزَلْنَا عَلَيْكَ الْقُرْءَانَ تَنزِيلًا ﴾ [ الدهر﴿ “নিশ্চয় আমরা আপনার প্রতি কুরআন নাযিল করেছি ক্রমে ক্রমে।” [সূরা আল-ইনসান: ২৩] কারণ, এর বিশেষত্বই এই যে, তা পাঠ ও তেলাওয়াত করতে হবে এবং কখনো পরিত্যাগ করা যাবে না।
এছাড়াও আল্লাহ্ তা’আলা আল-কুরআনুল কারীমের কিছু গুণ বর্ণনা করেছেন। যেমন, ফুরক্বান (সত্য-মিথ্যা পার্থক্যকারী), যিকর (স্মরণ), হুদা (হেদায়াত বা পথনির্দেশ), নূর (আলো), শিফা’ (আরোগ্য), হাকীম (প্রজ্ঞাপূর্ণ), মাউ’ইযাতুন (উপদেশ) ইত্যাদি গুণসমূহ। এগুলো আল-কুরআনুল কারীমের মাহাত্ম্য ও এর বার্তার পরিপূর্ণতার প্রমাণ।

