বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পর চলমান আন্দোলন প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, অনেক সময় ছোটদের কাছ থেকেও অনেক কিছু শেখার থাকে। কোমলমতি শিক্ষার্থীদের কাছ থেকেও আমরা অনেক কিছু শিখেছি। তিনি বলেন, শিক্ষার্থীরা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কি করতে হবে। তাদের সমস্ত দাবি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মেনে নেওয়া হয়েছে এবং তা বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে।
আমরা শিক্ষার্থীদের অনুরোধ করছি এখন আন্দোলন ছেড়ে ঘরে ফিরে যাওয়ার জন্য। বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন, আমি তাদের প্রতি সমবেদনা জানাই। আমরা তো তাদের ফিরিয়ে দিতে পারবো না, তবে ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। শিক্ষার্থীদের প্রতি আমার অনুরোধ, তারা যেন ঘরে ফিরে যায়। অভিভাবক ও শিক্ষকদের প্রতি আমি একই অনুরোধ জানাচ্ছি। অপর এক প্রশ্নের জবাবে পুলিশের এই কর্মকর্তা বলেন, আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর কোনো ধরনের বল প্রয়োগ করছি না। অনেক ক্ষেত্রে আইনের যে প্রয়োগ তাও করছি না, কারণ তারা কোমলমতি শিশু। আমরা অনেক মানবিকভাবেই এই আন্দোলনে নজর রাখছি। তারপরও যদি কোথাও কোনো পুলিশ সদস্য বল প্রয়োগ করে থাকে, তাহলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। মনিরুল বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে কয়েকদিন ধরে রাস্তায় অসহনীয় যানজট সৃষ্টি হয়েছে, সাধারণ মানুষকে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। দূরপাল্লার অধিকাংশ গাড়ি নিরাপত্তার স্বার্থে চলাচল করছে না। তাই ছাত্রছাত্রীদে ঘরে ফেরার অনুরোধ করছি। একটি মহল শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে এক শ্রেণীর মানুষ কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা দুইটি ছবি ছড়িয়েছে যা ২০১২ ও ২০১৩ সালের দুইটি ঘটনার ছবি। চলমান আন্দোলনে বিভিন্ন সড়কে ৩০০টি গাড়ি ভাংচুর করা হয়েছে। এরমধ্যে ৮টি গাড়ি পোড়ানো হয়েছে ও ৫ টি পুলিশের গাড়ি ভাংচুর করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। পুলিশ সদস্যদের ড্রাইভিং লাইসেন্স প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, পুলিশের লাইসেন্স ছাড়া ড্রাইভিং করার কোনো সুযোগ নেই। সব পুলিশের লাইসেন্স আছে। অনেক পুলিশের লাইসেন্স ডিএমপির কেন্দ্রীয় কার্যালয়ে রাখা আছে। এ সকল কারণে হয়তো অনেকেই লাইসেন্স দেখাতে পারছে না। আমরা এসব কার্যালয় থেকে ফিরিয়ে দেব। লাইসেন্সবিহীন গাড়ি ধরতে অভিযান চলছে জানিয়ে তিনি বলেন, পুলিশ ও ট্রাফিক বিভাগ থেকে লাইসেন্স পরীক্ষা করা হচ্ছে। আজকেও বিভিন্ন স্থানে অসংখ্য অবৈধ গাড়ি জব্দ করা হয়েছে। এছাড়া উল্টো পথে গাড়ি যাতায়াত বন্ধেও কড়াকাড়ি আরোপ করায় তা বন্ধ হয়েছে। বাসাচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার তদন্ত প্রসঙ্গে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান বলে, ওই ঘটনায় মামলা হয়েছে এবং মামলাটি ডিবির গোয়েন্দা উচ্চ বিভাগ গুরুত্বের সাথে তদন্ত করছে। এছাড়া জাবালে নূর পরিবহনের ঘাতক বাসটির মালিক ও ড্রাইভারকে আটক করে রিমান্ডে নেয়া হয়েছে।

