গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী সাইফুল ইসলামকে (৫৯), ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে কারাগারে প্রবেশের সময় তার দেহ তল্লাশি করে ওই ইয়াবা উদ্ধার করা হয়।
সাইফুল ইসলাম চাঁদপুরের মতলব থানার আদলবিটি গ্রামের আব্দুল জলিলের ছেলে।
তিনি কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী হিসেবে দায়িত্বরত ছিলেন।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ১২টার দিকে কারাগারের প্রধান কারারক্ষী সাইফুল ইসলাম হাইসিকিউরিটি কারাগারের ভেতরে ঢুকছিলেন। এ সময় নিয়ম অনুযায়ী অন্য কারারক্ষীরা তাকে তল্লাশি করে প্যান্টের ডান পকেটে ৩০০ পিচ ইয়াবা পেয়ে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
কারাগার সুপার সুব্রত কুমার বালা জানান, তল্লাশি ছাড়া কাউকে কারাগারের ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। সাইফুল ইসলাম কারারক্ষীদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
