রাজধানীর শেরেবাংলানগরের মানিক মিয়া এভিনিউ এলাকা থেকে ৯ হাজার ১৩০ পিস ইয়াবাসহ হানিফ পরিবহনের চালক ও হেলপারকে আটক করেছে র্যাব-২। আটককৃতরা হলেন- চালক মো. ফারুক আলম ওরফে আলম (৩৯) ও হেলপার মো. সুমন (৩৩)। শনিবার দিবাগত রাতে মনিক মিয়া এভিনিউয়ে বঙ্গবন্ধু চত্ত্বর সংলগ্ন দক্ষিণ কোনা দিয়ে গাবতলী বাস টার্মিনালের দিকে যাওয়ার সময় হানিফ পরিবহনের একটি বাসকে থামানো হয়।
এ সময় পালানোর চেষ্টাকালে চালক ও হেলপারকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে বাসের ভেতর থেকে ৯ হাজার ১৩০ পিস ইয়াবা, চারটি সিমসহ মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। এছাড়া বাসটিও জব্দ করা হয়েছে। আটকৃতদের কাছ থেকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে র্যাব আরো জানায়, আটককৃতরা অতি লাভের আশায়, রাতারাতি বড়লোক হবার নেশায়, নিষিদ্ধ এ মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। তারা কক্সবাজার, চট্টগ্রাম, টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সুকৌশলে ইয়াবা রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ীদের কাছে দীর্ঘদিন ধরে সরবরাহ করে আসছে।

