চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার শ্যামলী হাউজিং সোসাইটির একটি বাসা থেকে ১৩ লাখ ইয়াবাসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। গতকাল ভোরের দিকে অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয় বলে জানান নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. কামরুজ্জামান। তিনি বলেন, এটি চট্টগ্রামে এ যাবৎকালে আটক ইয়াবার সবচেয়ে বড় চালান।
তিনি জানান, আটক দুই ভাই হচ্ছেন মো. আশরাফ (৩৪) ও মো. হাসান (২৪)। তাদের বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায়। হালিশহর শ্যামলী হাউজিং সোসাইটির মসজিদ সংলগ্ন ওই বাসা তারা ভাড়া নিয়ে থাকতেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ওই বাসায় তল্লাশি চালিয়ে প্রথমে ঘরের ভেতরে তিন লাখ ইয়াবা পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদে আশরাফ ও হাসানের দেয়া তথ্যে বাড়ির গ্যারেজে রাখা একটি প্রাইভেটকার থেকে আরো ১০ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা বলে জানান মো. কামরুজ্জামান। জিজ্ঞাসাবাদে আশরাফ ও হাসানের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, মিয়ানমার থেকে নৌকায় নিয়ে এসে নগরের হালিশহর হাউজিং সোসাইটির মসজিদ সংলগ্ন ওই বাসার শোয়ার ঘর ও প্রাইভেট কারে ইয়াবাগুলো লুকিয়ে রাখা হয়। এয়ারটাইট বাক্সে পলিথিন মুড়িয়ে রশি বেঁধে ইয়াবার বাক্সগুলো সাগরে ফেলে দেয়া হতো। এরপর ওই রশি বোটে বেঁধে টেনে আনা হতো। এ কৌশলে চক্রটি আগেও ইয়াবা চোরাচালান করেছে। এ ঘটনায় আটক দুই ভাইয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হালিশহর থানায় মামলা করা হয়েছে বলে জানান হালিশহর পুলিশের এসি মইনুল ইসলাম।

