সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষক নিহত

0
553

কিশোরগঞ্জ-নিকলী সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের এ.বি নূরজাহান হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ আহসান উল্লাহ (৫০)।

Advertisement

শনিবার সকাল সাড়ে ৭টায় কটিয়াদী উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের নোয়াবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ আহসান উল্লাহ কিশোরগঞ্জ থেকে সিএনজিযোগে নিকলী যাওয়ার পথে নোয়াবাড়িয়া এলাকায় সিএনজি উল্টে গেলে আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টায় তিনি মৃত্যুবরণ করেন। দুর্ঘটনায় তিনি বুকে ও মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন। পাশাপাশি সড়ক দুর্ঘটনায় নোভা নামের পাঁচ বছর বয়সী এক শিশুও গুরুতর আহত হয়েছে। নোভা ফুলবাড়িয়া এলাকায় শরীফ মিয়ার মেয়ে। নিহত প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ আহসান উল্লাহ করিমগঞ্জ উপজেলার গুনধর ইউনিয়নের ইন্দাচুল্লী গ্রামের মৃত মাওলানা শাহ মোহাম্মদ হামিদ উল্লাহর ছেলে এবং ‘দৈনিক আজকালের খবর’ পত্রিকার সম্পাদকীয় সহকারী শাহ মুহাম্মদ মোশাহিদের চাচা। শাহ মোহাম্মদ আহসান উল্লাহ দুই পুত্র সন্তানের জনক। তিনি শিক্ষকতা ছাড়াও লেখালেখির সাথে জড়িত ছিলেন। গল্প, প্রবন্ধ ও কবিতাসহ সাহিত্যের প্রায় সব ক্ষেত্রে তার সমান বিচরণ ছিলো। অসম্ভব পড়ুয়া মানুষটি শিক্ষার্থীদের মাঝে পাঠাভ্যাস গড়ে তুলতে নিরলস কাজ করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। পারিবারিক সূত্র জানায়, হার্ট ফাউন্ডেশনের একটি সভায় যোগ দিতে শুক্রবার তিনি নিকলীর কর্মস্থল থেকে কিশোরগঞ্জ শহরে আসেন। সকালে কর্মস্থলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর নিকলীর কর্মস্থল ও করিমগঞ্জের বাড়িতে শোকের ছায়া নেমে আসে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here