স্কুলছাত্রীকে অপহরণ করে পালানোর সময় অপহরণকারী গ্রেফতার

0
596

গোপালগঞ্জে স্কুলছাত্রীকে অপহরণ করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ অপহরণকারীকে গ্রেফতার করেছে। এ সময় পুলিশ অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে। এ ব্যাপারে গোপালগঞ্জ থানায় ওই ছাত্রীর মা বাদী হয়ে অপহরণকারী বখাটে যুবক মোঃ ইব্রাহিম সরদার (২৫) ও তার সহযোগী মুহিত মোল্লাকে (২৩) আসািম করে একটি অপহরণ মামলা দায়ের করেছেন।

Advertisement

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সোমবার গভীর রাতে ( রাত ১টা ৪৫মিঃ) কোটালীপাড়া থানা পুলিশের সহযোগিতায় গোপালগঞ্জ থানা পুলিশ কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ বাজার থেকে অপহরণকারীকে আটক ও অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে।

মঙ্গলবার উদ্ধারকৃত স্কুলছাত্রীর জবানবন্দী রেকর্ড করতে পুলিশ তাকে গোপালগঞ্জের আদালতে পাঠিয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি কে.কে.টি হাজী এনসি ইনস্টিটিউশন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রীকে প্রতিবেশী ভোজেরগাতী গ্রামের মোঃ কাশেম আলী সরদারের বখাটে ছেলে ইব্রাহিম উত্ত্যক্ত করে আসছিলো। ছাত্রীর পরিবার থেকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটে ইব্রাহিম ওই ছাত্রীকে অপহরণের পরিকল্পনা করে।

সোমবার স্কুলছুটির পর ভ্যানে করে বাড়ি ফিরছিলো ওই ছাত্রী। ইব্রাহিম ও তার সহযোগী মুহিত গোপালগঞ্জ কোটালীপাড়া সড়কের ভোজেরগাতী মাদ্রাসার সামনে থেকে জোর করে ওই ছাত্রীকে ভ্যান থেকে নামিয়ে প্রাইভেট কারে তুলে নেয়। গাড়ির মধ্যে তুলে ওই ছাত্রীকে অপহরণকারীরা অজ্ঞান করে ফেলে।

গভীর রাতে কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ বাজার এলাকায় জ্ঞান ফিরলে গাড়ির মধ্যে ওই ছাত্রী চিৎকার দেয়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে। আটক করে অপহরণকারী ইব্রাহিমকে। এ সময় সেখানে গাড়ির ড্রাইভার ও ইব্রাহিমের সহযোগী মুহিত উপস্থিত ছিলো না।

অপহৃত ওই স্কুল ছাত্রী জানায়, স্কুলে যাওয়া আসার পথে বখাটে ইব্রাহিম তাকে উত্ত্যক্ত করতো। সোমবার সে স্কুল ছুটির পর বান্ধবীদের সঙ্গে ভ্যানে করে বাড়িতে যাচ্ছিলো। ভোজেরগাতী মাদ্রাসার কাছে তাদের ভ্যান পৌঁছালে ইব্রাহিম ও মুহিত তাকে জোর করে ভ্যান থেকে টেনে হিঁচড়ে নামিয়ে প্রাইভেট কারে তোলে। গাড়িতে তুলে নেশা জাতীয় দ্রব্য পান করিয়ে অপহরণকারীরা তাকে অজ্ঞান করে। জ্ঞান ফিরেই সে গাড়ির মধ্যে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসে।

গোপালগঞ্জ সদর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল বারেক বলেন, ‘মামলা দায়ের করার পর ওই ছাত্রীর জবানবন্দী রেকর্ড করতে তাকে আদালতে পাঠানো হয়েছে। অপহরণ করে পালিয়ে যাওয়ার সময় অপহরণকারী ইব্রাহিমকে গ্রেফতার করা হয়েছে। তার সহযোগি মুহিতকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here