কামরুল হাসান রুবেলঃ সাভার পৌরসভা ঢাকা বিভাগের ঢাকা জেলার অন্তর্গত সাভার উপজেলার একটি প্রশাসনিক অঞ্চল যা রাজধানী ঢাকার সবচেয়ে কাছের পৌরসভা হিসেবে বিবেচিত।১৯৯২ সালে সাভার পৌরসভা গঠিত হয়।
এটি একটি প্রথম শ্রেণির পৌরসভা হলেও ৯নং ওয়ার্ডের গেন্ডা মহল্লার রাস্তার অবস্থা দেখলে তা মনে হয় না।রাস্তাগুলো দেখলে যে কেউ মনে করতে পারে অজপাড়া গাঁয়ের কোনো মাটির রাস্তা এটি। পৌরসভার আওতাধীন বেশ কিছু রাস্তায় যানবাহন চলাচল তো দূরের কথা সেসব রাস্তা পায়ে হেঁটে চলারও অনুপযোগী হয়ে পড়েছে। বিগত ১৫ বছরেও গেন্ডা সড়কের কোন সংস্কার কাজ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই গেন্ডা সড়ক দিয়েই সাধাপুর, কাজীপাড়া, চাকুলিয়া, নিকরাইলসহ বেশ কয়েকটি গ্রামের শত শত মানুষ প্রতিদিন যাতায়াত করে থাকে। ব্যস্ততম এ রাস্তাটি ভাঙ্গাচোরা থাকার কারণে স্বাভাবিক ভাবে কোন যানবাহন চলাচলের অবস্থা নেই। এই সুযোগে এ সড়কে চলাচলকারী ব্যাটারী চালিত আটোরিকশা সহ পায়ে চালিত রিকশা চালকরা ভাড়া দ্বিগুন আদায় করছে।এবং অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে মাঝে মধ্যে অটোরিকশা উল্টে দুর্ঘটনার শিকার হচ্ছে শিশু ও নারী।এমন কি ভাঙ্গাচোরা রাস্তা দিয়ে কোন রোগীকে হাসপাতালে নেওয়াটা মারাত্মক ঝুকিপূর্ণ হয়ে উঠেছে।
এলাকাবাসীর অভিযোগ, সাভার পৌরসভার গেন্ডা একটি গুরুত্বপূর্ন ও আবাসিক এলাকা। এ এলাকা দিয়ে শুধু গেন্ডা মহল্লাবাসী নয়, পার্শ্ববর্তী ৫ গ্রামের হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে। কিন্তু পৌর কর্তৃপক্ষ এ সড়কটি সংস্কারে উদাসীন। সড়কটির কোথাও খানাখন্দে ভরা, আবার কোথাও উচু নিচু হয়ে আছে। ভাঙ্গা রাস্তা এবং সংস্কারের উদ্যোগ না নেওয়ায় স্থানীয় বাসিন্দাদের ভোগান্তির সীমা নেই। সাভার পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর আয়নাল হক গেদু বলেন, আমরা রাস্তার কাজ এই বছরের জুলাই মাসের মধ্যে শুরু করব।

