জাতীয় সংসদের ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীকে অবিলম্বে গ্রেফতার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও ডেইলী অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমুলক মামলা প্রত্যাহারের দাবিতে সাপ্তাহিক পত্রিকা পরিষদ আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানব বন্ধন কর্মসূচি পালন করেছে।
পরিষদের সভাপতি এস এম মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধনে সংহতি জানিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ বক্তৃতা করেন। বক্তারা নিজাম হাজারীকে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম খুনের মামলার আসামী, জেল পলাতক এবং ইয়াবা চোরাকারবারি আখ্যায়িত করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানান। তারা বলেন, সাংবাদিক সমাজের শীর্ষ নেতা ইকবাল সোবহানের বিরুদ্ধে দায়েরকৃতহয়রানীমুলক মামলা নিঃশর্তভাবে প্রত্যাহার না করলে আন্দোলনের কঠোর কর্মসূচি ঘোষণা করতে সাংবাদিক সমাজ বাধ্য হবে। জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন নেতৃবৃন্দ।

