সরকার ভয় পেয়ে খালেদাকে আটকে রেখেছে: ফখরুল

0
616

ভয় পেয়ে ও আতঙ্কিত হয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলে আটকে রেখেছে সরকার বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের প্রধান কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

Advertisement

মির্জা ফখরুল বলেন, দেশনেত্রীকে মুক্তি করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আন্দোলন সংগ্রাম করতে হবে। বেগম খালেদা জিয়াকে কেন বন্দী করা হয়েছে তা আমরা জানি। খালেদা জিয়া মুক্ত থাকলে, সামনে যে আন্দোলন হবে তা মোকাবেলা করা সরকারের পক্ষে সম্ভব না। সে জন্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দী করেছে সরকার। খালেদা জিয়ার মুক্তিই এখন বিএনপির একমাত্র লক্ষ্য। তিনি বলেন, বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টি করে খালেদা জিয়া ও গণতন্ত্রকে মুক্ত করবো। আমি আবারো সব রাজনৈতিক দল, ধর্ম, বর্ণ, ব্যক্তি সবাইকে গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানাচ্ছি। সরকারকে জানাতে চাই, অন্যায়ের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ। তিনি আরো বলেন, আজ মানববন্ধনে পুলিশের আচরণ আপনারা দেখেছেন। কী রকম আচরণ তারা আমাদের সঙ্গে করছেন। তাই দলের নেতাকর্মীদের বলবো, সবাইকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন করতে হবে। সেই আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মোহাম্মদ শাহাজাহান, আলতাফ হোসেন চৌধুরী, ডা. এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আযম খান, আবদুল আউয়াল মিন্টু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, জয়নাল আবদিন ফারুক, আতাউর রহমান ঢালী, আবদুল হাই, হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here