বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের সন্দ্বীপে গৃহবধূ হত্যার বিচার চেয়ে মানববন্ধন করেছে সন্দ্বীপ অধিকার আন্দোলন নামের একটি সামাজিক সংগঠন। মানববন্ধন থেকে গৃহবধূ ফাতেমা হত্যার মামলা নিয়ে তদন্তপূর্বক বিচারের দাবি জানায় সংগঠনির নেতা-কর্মীরা।
২৩ জানুয়ারি মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলার কমপ্লেক্স গেইটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংগঠনের সভাপতি হাসানুজ্জামান সন্দ্বীপি,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম সওদাগর, সাকিল খান,নজরুল ইসলাম,রোমান,করিম,তামিম,সজিব,ইসমাইল, আরাফাত,ঝু্ম্মন,শরীফ,মৃদুল ও সুমনসহ অন্যান্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সন্দ্বীপে স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার অভিযোগ উঠে । ২১জানুয়ারি রবিবার দিবাগত রাতে উপজেলার হারামিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে। মহিলার নাম বিবি ফাতেমা(৪৫)। তিনি চার সন্তানের জননী। এলাকাবাসী ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, খুনের শিকার মহিলার স্বামী আনোয়ার হোসেন(৫৩) একজন প্রবাসী।
গোপনে বিয়ে করে গত কয়েকদিন আগে দ্বিতীয় স্ত্রীকে ঘরে তোলার চেষ্টা করে। প্রথম স্ত্রী ফাতেমা দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করলে তাঁর বিবাহিত বড় মেয়েকেসহ আটক করে মারধর করে অভিযুক্ত আনোয়ার । পরবর্তীতে মেয়ের জামাই উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফজলুল করিম মিনহাজ থানায় অভিযোগ করলে মুচলেকায় মীমাংসা হয়। ফজলুল করিম মিনহাজ তাঁর শ্বাশুড়ির খুনের অভিযোগ করে বলেন, আমার শ্বশুরের দ্বিতীয় বিয়ের ঘটনা জানাজানি হলে তিনি সবার সাথে হিংসাত্মক আচরণ শুরু করেন। আমার শ্বাশুড়িকে মেরে ফেলার জন্য রামদা নিয়ে কয়েকবার আক্রমণ করেন। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

