সকালে ফখরুলের বাসায় যাচ্ছেন জাসাসের বিক্ষুব্ধ নেতারা

0
504

সম্প্রতি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি নিয়ে সংগঠনের নেতাদের মধ্যে প্রচণ্ড বিরোধ দেখা দিয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যেই ঘোষিত কমিটি বাতিল করে নতুন কমিটি চেয়েছেন বিক্ষুব্ধ নেতারা। বিষয়টি নিয়ে কথা বলতে বুধবার (১০ নভেম্বর) সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় যাবেন জাসাসের বিদ্রোহী নেতারা। মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জাসাসের নতুন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নেতারা। এসময় পাশের ভবন আকরাম টাওয়ারে বিক্ষুব্ধ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে নতুন আহ্বায়ক কমিটির অন্তত ১১ জনসহ অর্ধশত বিক্ষুব্ধ নেতা অংশ নেন।

Advertisement

জাসাসের সাবেক সিনিয়র সহ-সভাপতি অভিনেতা বাবুল আহমেদের সভাপতিত্বে বিদ্রোহীদের এ সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাবেক সভাপতি এম এ মালেক।

বৈঠকে নতুন আহ্বায়ক কমিটির সদস্য ডা. আরিফুল ইসলাম আগামী সাতদিনের মধ্যে ঘোষিত কমিটি বাতিল করে নতুন কমিটির দাবি করেন। এজন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কথা বলার তাগিদ দেন তিনি।

জাসাসের সাবেক সাংগঠনিক সম্পাদক শিবা শানু বলেন, ’নতুন কমিটি ঘোষণা না দেওয়া পর্যন্ত সংগঠনের সঙ্গে কাজ করবো না। তবে বিএনপির কর্মসূচিতে যদি দাওয়াত পাই সেখানে যাবো।’ তিনি অভিযোগ করেন, ‘৫০ লাখ টাকার বিনিময়ে এই কমিটি হয়েছে। এটা লজ্জা।’

শিবা শানু বলেন, ‘যারা জয় বাংলা লেখে তারা এখন কমিটিতে। প্রথম বাংলাদেশ যারা লিখেছে তারা এখন কমিটিতে নেই।’

বিক্ষুব্ধ নেতা খালেদ এনাম মুন্না বলেন, এই কমিটিতে থাকবো না, সাতদিনের মধ্যে নতুন কমিটি চাই।

জাসাসের সাবেক সভাপতি এম এ মালেক বলেন, জাসাসের এই কমিটি দিয়ে দুর্নীতিকে পুরস্কৃত করা হয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

ছড়াকার আবু সালেহ বলেন, এখন সবাই যদি পদত্যাগ করেন সেটা একটা দিক হতে পারে।

সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম সিকদার অভিযোগ করেন, ‘বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গাজী মাজহারুল ইসলাম এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তিনজন মিলে ৫০ লাখ টাকার বিনিময়ে কমিটি দেওয়া হয়েছে।’

সভাপতির বক্তব্যে বাবুল আহমেদ বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামীকাল সকালে আমরা মহাসচিবের বাসায় গিয়ে বিষয়টি নিয়ে কথা বলবো।

এসময় অন্যদের মধ্যে সঙ্গীতশিল্পী পিয়াল হাসান, অভিনেতা আশরাফুল টুলু, সঙ্গীতশিল্পী নাসির, জাসাসের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম রিপন, মীর সানাউল হক, হাসান চৌধুরী, মো. জামাল উদ্দিন নাসির, সদস্য দীন মোহাম্মদ মন্টু, জাকির হোসেন আখের, আক্তার হোসেন, আশরাফুল ইসলাম দিপু, ক্যাপ্টেন অব. মিজানুর রহমান, কে এম হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here