সিইসিকে উদ্দেশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোমর সোজা করে দাঁড়ান। সংবিধান যে দায়িত্ব দিয়েছে, রাষ্ট্রের দেয়া দায়িত্ব পালন করুন।
নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করুন। শুক্রবার নারায়ণগঞ্জের সোনাকান্দা পৌর স্টেডিয়াম মাঠে আয়োজিত জনসভায় ফখরুল এসব কথা বলেন।নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, এরা ঠুঁটো জগন্নাথ। এদের কিছু করার নেই, এরা অসহায়। অসহায়ের মতো তাকিয়ে থাকে। যাই বলি চুপ করে বসে থাকে। বিএনপি মহাসচিব বলেন, জনগণ যাতে মতামত প্রকাশ করতে পারে তার ব্যবস্থা করুন। অন্যথায় পদত্যাগ করুন। না পারলে চলে যান, মানুষ মেনে নেবে। কিন্তু অন্যায় করলে মানুষ মেনে নেবে না। নির্বাচন কমিশনকে ‘অদ্ভুত’ কমিশন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশন বলছে, দেশে গণতন্ত্রের সুবাতাস বইছে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে। কিন্তু এটা কেমন সুবাতাস- যেখানে আমাদের ১৬ জন প্রার্থী এখন জেলে। কেমন লেভেল প্লেয়িং ফিল্ড যেখানে সরকার দলের প্রার্থীরা হেলিকপ্টারে প্রচারণা চালাচ্ছে। আর আমাদের রাস্তা আটকে দেয়া হচ্ছে। মির্জা ফখরুল বলেন, দেশ এখন সংকটময় মুহূর্ত পার করছে। এত কঠিন সময় আর কখনো দেখিনি। ’৭১ সালে স্বাধীনতাযুদ্ধ করেছিলাম গণতন্ত্রের জন্য। এখন গণতন্ত্র উধাও হয়ে গেছে। এখন এক ব্যক্তির শাসন ও একদলের শাসন চলছে। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বেকার যুবকদের চাকরি দেয়া হবে। যত দিন চাকরি না মিলবে তত দিন বেকার ভাতা দেয়া হবে।

