ইয়াছিনুর রহমান(সংবাদদাতা,মৌলভীবাজার): মৌলভীবাজারের শ্রীমঙ্গল হতে ২০ মামলার আসামি সারোয়ারকে (৩৫) আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার কাকিয়াবাজার এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী সারোয়ারকে আটক করেছে পুলিশ।আটককৃত সারোয়ার উপজেলার সিরাজনগর গ্রামের আসাদুজ্জামানের ছেলেবলে জানা গেছে। পুলিশ জানায়,সম্প্রতি জেলার জুড়ী উপজেলার মনতইল গ্রামের মৃত আবু তাহেরের পুত্র খন্দকার আবুল মঈন গুফরান তারেকের (৪৫) মালিকানাধীন একটি বাগানে আগুন ধরিয়ে দেয় সারোয়ার। এতে তার বাগানের শতাধিক গাছ পুড়ে যায় এবং তার ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া বিভিন্ন সময় তারেককে ভীতি প্রদর্শন করে আসছিল সারোয়ার। এমন অভিযোগ এনে সারোয়ারসহ আরও তিনজনকে আসামি করে গত ১০ ফেব্রুয়ারি রাতে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেন তারেক। এই অভিযোগের ভিত্তিতে মামলার প্রধান আসামি সারোয়ারকে গ্রেফতার করা হয়। শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, গ্রেফাতার সারোয়ারের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় অস্ত্র, মাদক, বনের গাছ চুরিসহ বিভিন্ন অভিযোগে ২০টির বেশি মামলা রয়েছে বলে জানা গেছে।
২০০৫ সালে উপজেলার কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পরিতোষ পালকে কুপিয়ে হাত পা কেটে নেওয়া ও ২০১২ সালে এক সাংবাদিককে কুপিয়ে জখমের অভিযোগ রয়েছে সারোয়ারের বিরুদ্ধে।এছাড়াও,এলাকার মানুষের অভিযোগের ভিত্তিতে এক-এগারোর সময়ে সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ আটক হয় সারোয়ার।
মামলার বাদী তারেক জানান, উপজেলার সোনাছড়া-জাগছড়া চা বাগান সংলগ্ন ১৫৮ একর জমির উপর ‘ফিডার বাবুর বাগান’ নামে তাদের একটি পৈত্রিক বাগান রয়েছে। বাগানে প্রায় কয়েকশ প্রজাতির কয়েক হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছ ছিল। এসব গাছের বয়স প্রায় ৪০ থেকে ৬০ বছর।
সারোয়ার ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এসব মূলব্যবান গাছ কেটে চুরি করে নিচ্ছিল। গত ৬ ফেব্রুয়ারি বাগান দখল করতে বাগানে আগুন ধরিয়ে দেয় তারা।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক বলেন, সারোয়ারকে গ্রেফতারের পাশাপাশি বাকি আসামিদের গেফতারের চেষ্টা চলছে।

